কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধীদের মধ্যে ভাতা বই , অসহায় দরিদ্রদের সুদমুক্ত ক্ষুদ্র ঋন ও সেচ্ছাসেবী সংগঠনের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদের শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশ বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি উপস্থিত থেকে কালীগঞ্জ পৌরসভার আওতাধীন ৯০ জন পুরুষ-মহিলার মাঝে বয়স্ক ভাতা বই, ২০ জন বিধবা ও ১৮ জন প্রতিবন্ধীকে ভাতা বই প্রদান করেছেন। কালীগঞ্জ উপজেলার বয়স্ক,বিধবা,প্রতিবন্ধী ও অন্যান্যসহ ৯৭৫০ জন নারী-পুরুষ ভাতা পাচ্ছেন।
২০১৭-২০১৮ অর্থবছরে ৬ কোটি ১৯ লক্ষ ৭৭ হাজার ৬শত টাকা ভাতা প্রদান করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ ও উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহাদৎ হোসেন প্রমুখ।
