Skip to content

বিশ্ব হেপাটাইটিস দিবস আজ, দেশে আক্রান্ত প্রায় ১ কোটি

বাংলাভূমি ডেস্ক ॥
দেশে হেপাটাইটিস বি অথবা সি ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ১ কোটি। হেপাটোলজি সোসাইটির তথ্য অনুযায়ি শুধু বি ভাইরাসেই আক্রান্ত প্রায় ৮৫ লাখ। চিকিৎসকরা বলছেন, নীরব ঘাতক এই ভাইরাস, লিভারের স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ক্ষতি করে থাকে। এর প্রতিকার হিসেবে গর্ভধারণের সময় মায়েদের টিকা নেয়া, পূর্ণবয়স্কদের টিকা নেয়া এবং রক্ত পরীক্ষার মাধ্যমে ভাইরাস আছে কি না তা নিশ্চিত হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

বরিশালের মোহাম্মদ জামাল হোসেন। ঈদুল ফিতরের পর হঠাতই পেটে যন্ত্রণা অনুভব করায় চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন, হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত তিনি। উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে আসার পর জানা যায় গুরুতর লিভার ক্যান্সারে আক্রান্ত জামাল হোসেন। জীবনমৃত্যুর সন্ধিক্ষণে তিনি। যদিও আগেভাগে জানতে পারলে সুযোগ ছিলো বাঁচার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে প্রায় ৩৩ কোটি মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। এই ভাইরাস শরীরে ঘুমন্ত অবস্থায় থাকে বলে ৯০ শতাংশ মানুষ তা টের পায় না। কিন্তু লিভার সিরোসিস বা ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে এই ভাইরাস। জামাল হোসেনের ক্ষেত্রে এমনটাই হয়েছে বলে জানালেন চিকিৎসক।

বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির তথ্য অনুযায়ি দেশে হেপাটাইটিস বি ভাইরাস বহন করছেন জনসংখ্যার প্রায় ৫ দশমিক ১ শতাংশ মানুষ। আর হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত মোট জনসংখ্যার প্রায় দুই শতাংশ। সিরিঞ্জের মাধ্যমে, সেলুনে কাটাছড়ার ভেতর দিয়ে, আক্রান্ত ব্যাক্তির মুখের লালা থেকে এবং ভাইরাস বহনকারী মায়ের গর্ভ থেকে শিশুরা এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। জানালেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ।

২০৩০ সালের মধ্যে এই ভাইরাস নির্মূল করতে প্রতিশ্র“তিবদ্ধ বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, এই লক্ষ্য অর্জন করতে হলে সরকারী হাসপাতালগুলোতে বিনামূল্যে রক্ত পরীক্ষা এবং প্রজননক্ষম নারী ও শিশুদের প্রয়োজনীয় পরীক্ষানীরিক্ষা ও বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে হবে। জানালেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের ডাক্তার শহিদুল আলম।

হেপাটাইটিস ভাইরাস সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে ২০১০ সাল থেকে প্রতি বছরের ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হচ্ছে। সূত্র: বৈশাখী TV

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫