বিনোদন ডেস্ক ॥
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। চলচ্চিত্রের অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করার পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করছেন। আজ সোমবার (৩০ জুলাই) জায়েদ খানের জন্মদিন। এই দিনে পিরোজপুরে জন্মগ্রহণ করেন তিনি।
জায়েদ খান বলেন, এবারের জন্মদিনটা বেশ ঘটা করেই পালন করবেন। জন্মদিন উপলক্ষে বিএফডিসিতে গরু জবাই করে চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে নৈশভোজ সারবেন। এতে এ প্রজন্মের তারকাদের পাশাপাশি উপস্থিত থাকবেন সিনিয়র গুণী তারকারাও। এছাড়া চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, সাংবাদিকসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেককেই আমন্ত্রণ জানিয়েছেন। কেক কাটার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। এর আগে দুপুর ১২টায় চ্যানেল আইয়ের তারকা কথন লাইভ অনুষ্ঠানে অংশ নিবেন বলেও রাইজিংবিডিকে জানান জায়েদ খান।
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, এবারের জন্মদিনটা অনেক বেশি আনন্দের। কারণ বাংলাদেশের গুণী তারকা শিল্পীসহ চলচ্চিত্রের মানুষগুলোর সঙ্গে আজকের দিনটা কাটাব। একসঙ্গে অনেক তারকাদের মিলন মেলা হবে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া।’
তিনি আরো বলেন, ‘চলচ্চিত্র শিল্পী ও সংশ্লিষ্টদের সুবিধার জন্য এফডিসিতেই এবার জন্মদিনের কেক কাটব। আমি চেষ্টা করেছি, সকল শিল্পীদের আমন্ত্রণ জানাতে। এছাড়া চলচ্চিত্রের গুণী নির্মাতা, প্রযোজক ও সাংবাদিক ভাইদেরকেও আমন্ত্রণ করেছি। সবাইকে নিয়ে একসঙ্গে দিনটি কাটানোর জন্য এই আয়োজন করেছি।’
প্রায় একযুগ ধরে ঢাকাই চলচ্চিত্রে অনেক নায়ক আসছেন, যাচ্ছেন কিন্তু ক’জন টিকে থাকেন। টিকে থাকা সেই নায়কদের দলে অন্যতম জায়েদ খান। নিয়মিত সিনেমায় কাজ করে যাচ্ছেন তিনি। কখনো তার অভিনীত সিনেমা ব্যবসাসফল হয়েছে আবার কখনো বা মুখ থুবড়ে পড়েছে।
জায়েদ খান অভিনীত সর্বশেষ ‘অন্তর জ্বালা’ সিনেমাটি মুক্তি পায়। মালেক আফসারি পরিচালিত এই সিনেমায় জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা পরীমনি। চলচ্চিত্রের মন্দার বাজারে এ সিনেমাটি ভালোই ব্যবসা করেছে বলে জানা যায়।
প্রযোজক মাহমুদ হক শামীমের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে কাজ করার সুযোগ পান জায়েদ খান। তার প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা ভালোবাসা’। মুহাম্মদ হান্নান পরিচালিত এ সিনেমায় শাবনূর ও রিয়াজের সঙ্গে সহ-নায়ক হিসেবে অভিনয় করেন তিনি। এরপরই হাতে আসতে থাকে একের পর এক সিনেমা।
বেশ কিছু সিনেমায় সহ-নায়ক হিসেবে অভিনয় করলেও জায়েদের ভাগ্যের চাকা ঘুরে ২০১২ সালে। এ বছরই তার হাতে আসে ‘বাংলা ভাই’ নামের একটি সিনেমা। এ সিনেমায় জায়েদ খান অভিনয় করেন কেন্দ্রীয় চরিত্রে। জায়েদ খানের উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ‘তোকে ভালোবাসতেই হবে’, ‘প্রেম করবো তোমার সাথে’, ‘আত্মগোপন’ ‘জমিদার বাড়ির মেয়ে’, ‘পাপের প্রায়শ্চিত্য’, ‘মন ছুয়েছে মন’, ‘রিক্সাওয়ালার ছেলে’, ও ‘কাজের ছেলে’।
রত্নগর্ভা মায়ের সন্তান জায়েদ খান। ২০১২ সালে মা মিসেস শাহিদা হক রত্নাগর্ভা হিসেবে পুরস্কৃত হন। তবে মায়ের এত বড় পরিচয়ের পাশাপাশি নিজেও তৈরি করেছেন আলাদা পরিচিতি। সূত্র: রাইজিংবিডি
