আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী। শোকাবহ আগস্টে প্রতি বছরের ন্যায় কাপাসিয়ায় আজ বুধবার পহেলা আগস্ট থেকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাস ব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ জানান, কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বিকাল ৩টায় সমাবেশে নেতার জীবনী নিয়ে আলোচনা, আলোক চিত্র প্রদর্শনী। মাসব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে, কালোব্যাজ ধারণ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কোরাআন তেলওয়াত ও দোয়া মাহফিল, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন প্রবন্ধপাঠ।
এ ব্যাপারে, সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি বলেন, বাঙ্গালী জাতির ইতিহাসে সবচেয়ে বেদনা বিদুর দিন ১৫ আগষ্ট। ১৯৭৫ সালের এই দিনে আমরা হারিয়েছি জাতির শ্রেষ্ঠ সম্পদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য নাম। বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়ি বেয়ে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন করেছে। বিগত প্রতি বছরের মতো এবারও আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর স্মরণে ৪৩তম শাহাদাত বার্ষিকী পালন করবো। এই লক্ষ্যে সমাজের প্রতিটি পর্যায়ের মানুষকে সম্পৃক্ত করে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, চিন্তা-চেতনাকে তুলে ধরতে এ সকল কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
