Skip to content

ইরফান নন, আসল রেকর্ড আরাফাত সানির!

স্পোর্টস ডেস্ক ॥

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অবিশ্বাস্য বোলিং করেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান। টি-টোয়েন্টি ক্রিকেট যেখানে ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য আর বোলারদের জন্য বধ্যভূমি, সেখানে ৪ ওভার বল করে ৩টি মেডেন ওভার, মাত্র ১ রান খরচে ২ উইকেট তুলে নেওয়া যেকোনো বিচারেই অবিশ্বাস্য। এটি একটি দারুণ রেকর্ড সন্দেহ নেই।

তবে টি-টোয়েন্টিতে ইরফানের রেকর্ডটির আসল মালিক আদতে বাংলাদেশের স্পিনার আরাফাত সানি। প্রশ্ন উঠতে পারে তাহলে রেকর্ডে ইরফানের নাম এলো কেন? এই প্রশ্নের জবাব হচ্ছে, ইরফানের রেকর্ডটি ৪ ওভার বোলিংয়ে সবচেয়ে কম রান দেওয়ার। আর ওভারের হিসেবটা যদি কমানো হয় তাহলেই রেকর্ড সানির দখলে চলে যাবে।

সিপিএলে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে মোহাম্মদ ইরফান ৪ ওভারের কোটা পূরণ করে ১ রান খরচে ২ উইকেট পেয়েছেন। কিন্তু নূন্যতম ২ ওভার বল করে শূন্য রান খরচে ৩ উইকেট পাওয়া আরাফাত সানিই কৃপণ বোলিংয়ের রেকর্ডের মালিক।

২০১৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইটানসের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে আরাফাত সানি ২ ওভার ৪ বল করে কোনো রান না দিয়েই ৩ উইকেট তুলে নিয়েছিলেন। তবে ৪ ওভার পূরণ করা হয়নি বলে ৪ ওভারের রেকর্ডটির মালিক ইরফানই।

তবে আরও আগে ২০০৭ সালে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে বার্ঘার রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে চিলো মারিয়ানস ক্রিকেট ক্লাবের দেলেকা হাতিয়ারাচ্চি কনো রান না দিয়েই ৩ উইকেট পেয়েছিলেন। ৩ উইকেট পেতে মাত্র ৫ বল লেগেছিল তার। টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো বোলারের শূন্য রানে ৩ উইকেট পাওয়ার প্রথম ঘটনা।

শূন্য রানে ৩ উইকেট পাওয়ার দ্বিতীয় কীর্তি আরাফাত সানির। তবে টি-টোয়েন্টিতে দুই ওভারের বেশি বল করে কোনো রান না দিয়ে ৩ উইকেট নেওয়া প্রথম বোলার সানি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নূন্যতম ২ ওভার বল করে শূন্য রানে উইকেট পাওয়ার এর একটি নজির রয়েছে, ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ২ ওভার বল করে দু’টি মেডেন আর এক উইকেট তুলে নিয়েছিলেন লঙ্কান পেসার নুয়ান কুলাসেকারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫