স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে রোববার (৯ সেপ্টেম্বর) বিকেলে বৈঠকে বসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ ১০ নেতা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কথা তুলে ধরে তার সুচিকিৎসার দাবি জানাতে আলোচনার জন্যই এ বৈঠকে বসছেন তারা।
সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, বিকেল ৩টায় মির্জা ফখরুলসহ ১০ সদস্যের প্রতিনিধি দল আসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করবেন তারা।
রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দীর্ঘদিন ধরেই তার বাম হাত ও বাম পায়ে ব্যথা। তিনি হাত-পা নড়াতে পারেন না। আমরা বারবার সরকারকে অনুরোধ করেছি তাকে বিশেষায়িত হাসপাতাল ইউনাইটেড অথবা অ্যাপোলোতে নিয়ে চিকিৎসা করানোর জন্য। কিন্তু সরকার বিষয়টি গুরুত্ব দিচ্ছে না।
‘এর আগেও আমিসহ দলের তিনজন নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা নিতে অনুরোধ করেছিলাম। তিনি আমাদের সামনেই আইজি প্রিজনকে ডেকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছিলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশে চলে যাওয়ায় সে ফাইল প্রধানমন্ত্রীর কাছে চলে যায়। কারণ কোনো মন্ত্রী বিদেশে গেলে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে প্রধানমন্ত্রীর কাছে। তারপর আর এই ফাইল নড়েনি। সে অবস্থায়ই আছে। এবার আমরা আরও উচ্চ পর্যায়ের দলীয় নেতাদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো। তাকে বলবো যেনো দ্রুত বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়।’
স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে গত ৬ সেপ্টেম্বর খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তার সাক্ষরিত একটি চিঠি মন্ত্রণালয়ে দেওয়া হয়। ওই চিঠিতে দলের মহাসচিব ও নয়জন স্থায়ী কমিটির সদস্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সময় চান। পরে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের জানানো হয়, রোববার বিকেল ৩টায় সচিবালয়ে গিয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।
ফখরুল ছাড়াও বৈঠক অংশ নেবেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফট্যানেন্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী।
