Skip to content

আগামীকাল হান্নান শাহ্র ২য় মৃত্যুবার্ষিকী: স্মরণে নানা আয়োজন

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ,স,ম হান্নান শাহ্র ২য় মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার। তিনি ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। এ উপলক্ষে উপজেলা বিএনপি ও তার অংগ সংগঠনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা কর্মসূচী। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম জানায়, সকালে বিএনপির কেন্দ্রীয় কার্য়ালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। হান্নান শাহ্র নিজ বাড়ী ঘাগটিয়ায় সকাল থেকেই কোরআন তেলাওয়াত দুপুরে কবরে পুস্পস্তবক অর্পণ, বিকেলে দোয়া মাহফিল ও তার জীবনী নিয়ে আলোচনা সভা রয়েছে।
উল্লেখ্য হান্নান শাহ্র মৃত্যুর পর তার কনিষ্ট পুত্র শাহ্ রিয়াজুল হান্নান কাপাসিয়া বিএনপির হাল ধরেছেন। গত ১০ সেপ্টেম্বর সকালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গাজীপুরে মানববন্ধন পালনের সময় তিনি গ্রেফতার হন বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
হান্নান শাহ্ ১৯৪২ সালে কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামে সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা ফকির আব্দুল মান্নান ছিলেন পাকিস্তান আমলের মন্ত্রী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। ১৯৫৬ সালে ঢাকার সেন্টগ্রেগরি স্কুল থেকে মেট্রোকোলেশন পাস এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ১৯৬০ সালে বিএসসি অধ্যয়ণকালে পূর্ব পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৬২ সালে সামরিক একাডেমি কাকুল থেকে কমিশন প্রাপ্ত হন। ১৯৮৩ সালে ব্রিগেডিয়ার জেনারেল পদে থাকাকালীন সময়ে এরশাদ সরকার বাধ্যতামূলক তাকে অবসর প্রদান করেন। হান্নান শাহ্ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান ছিলেন।
১৯৮৪ সালে বিএনপিতে যোগদান করেন। তিনি বিএনপির ঢাকা বিভাগিয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। পরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মনোনীত হন। ১৯৯১ সালে গাজীপুর- ৪, কাপাসিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তৎকালীন বহুল আলোচিত ফখরুদ্দিন-মঈন উদ্দিনের সেনা সমর্থীত তত্বাবধায়ক সরকারের সময়ে গণতন্ত্র বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে সর্ব প্রথম মূখ খোলে কথা বলেছিলেন। তখন খালেদা জিয়াকে দেশ ত্যাগ ও শেখ হাসিনাকে দেশে আসতে না দেয়ার ভূমিকার ব্যাপক সমালোচনা করেন। গণমাধ্যমে তখন সরকারের সমালোচনার কারণে বার বার হান্নান শাহ’কে জেলে যেতে হয়েছে। দলের এ ক্রান্তিকালে সক্রিয় ভূমিকার কারণে তাকে দলের স্থায়ী কমিটির সদস্য মনোনীত করেন।
হান্নান শাহ্ কৃতি ফুটবলার, হকি ও গল্ফ খেলোয়ার ছিলেন । তিনি ১৯৫৮ সালে ঢাকার ওয়ান্ডার্স ক্লাবের গোল রক্ষক ছিলেন। তিনি বক্সিংয়ে সেনাবাহিনীতে রেকর্ড তৈরী করেছিলেন। বাংলাদেশ সুটিং ফেডারেশনের সভাপতিও ছিলেন। তার বর্ণাঢ্য কর্মময় জীবনে পৃথিবীর ৫০টির মত দেশ ভ্রমন করেছেন।
হান্নান শাহ্ ছিলেন কাপাসিয়ার উন্নয়নের রূপকার। তার র্দীঘ রাজনৈতিক জীবনে এলাকার স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়নে তার বিশেষ ভূমিকা ছিল। বিশেষ করে স্থানীয় শীতলক্ষ্যা নদীর উপর তার নির্মিত ‘ফকির মজনু শাহ’্ সেতু স্মরণীয় হয়ে থাকবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫