Skip to content

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনকে দুদকের জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার ॥
সিটিসেলের নামে ৩৮৩ কোটি টাকা আত্মসাতের মামলা তদন্তে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও তিন পরিচালককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার প্রধান কার্যালয়ে সকাল ৯টা ৫০ মিনিট থেকে কমিশনের উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. সামসুল আলম তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য নিশ্চিত করেছেন।

যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালক এম ওয়াহিদুল হক, পরিচালক মো. ফিরোজ আহমেদ, সাবেক পরিচালক এম এ আউয়াল ও অধ্যাপক মো. ইমতিয়াজ হোসেন।

গত ১৭ সেপ্টেম্বর তাদের তলব করে চিঠি দেওয়া হয়। ওই তলবি নোটিশে আগামী ২ ও ৩ অক্টোবর বর্তমান ও সাবেক মিলিয়ে আরো ৮ পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়।

অর্থ আত্মসাতের ওই মামলার আসামি বিএনপি নেতা এম মোরশেদ খান ও তার স্ত্রী নাছরিন খানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও অসুস্থতার কারণ দেখিয়ে তারা হাজির হননি।

২০১৭ সালের ২৮ জুন রাজধানীর বনানী থানায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোরশেদ খান, তার স্ত্রী, সিটিসেলের এমডি মেহবুব চৌধুরীসহ মোট ১৬ জনের নাম উল্লেখ করা হয়। মোবাইল ফোন অপারেটর সিটিসেলের মূল কোম্পানির নাম প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেড (পিবিটিএল)। এম মোরশেদ খান এর চেয়ারম্যান, তার স্ত্রী নাছরিন খানও একজন পরিচালক।

এ মামলায় আসামিদের বিরুদ্ধে সিটিসেলের নামে এ বি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে সাড়ে তিনশ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে। দেনার দায়ে ২০১৬ সালে বন্ধ হয়ে যাওয়া সিটিসেলের হাত ধরেই দেড় যুগ আগে বাংলাদেশে মোবাইল ফোন সেবার যাত্রা শুরু হয়েছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫