Skip to content

বিএনপির ৭ দফা দাবি নিয়ে যা বললেন আওয়ামী লীগ নেতারা

বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপির ৭ দফা দাবি নিয়ে চিন্তিত নয় আওয়ামী লীগ। বরং এসব দাবির মধ্য দিয়ে বিএনপির এই সরকারের অধীনেই নির্বাচনে অংশ নেওয়ার মনোভাব প্রকাশ পেয়েছে বলে মনে করছেন ক্ষমতাসীনরা। তাদের মতে, বিএনপি নির্বাচনে অংশ নেবে এটা আওয়ামী লীগেরও প্রত্যাশা। সরকার সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন করতে চায়। সেখানে বিএনপিরও দায়িত্ব আছে।

বিএনপির এসব দাবির বেশিরভাগই অসাংবিধানিক এবং আইনানুগ নয় বলে মত ক্ষমতাসীনদের। তাদের মতে, এসব দাবি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানের মধ্য থেকে এসব দাবি পূরণ সম্ভব নয়। এর জন্য আন্দোলনের দরকার নেই। এমনকি এসব দাবি নিয়ে আলোচনায় বসারও কোনো প্রয়োজন মনে করছে না তারা।

দলীয় সূত্র মতে, সংবিধানের মধ্য থেকে সব দলকে নিয়ে অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন করতে চায় সরকার। এজন্য বিএনপির দাবিগুলো যে অযৌক্তিক ও অসাংবিধানিক তা জনগণকে বোঝাতে বিভিন্ন সভা-সমাবেশে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে দল। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চায় বিএনপিকে। সেক্ষেত্রে নির্বাচনের আগে বিএনপিকে বিভিন্ন সভা-সমাবেশেও বাধা দেবে না। তবে কোনো ধরনের সহিংসতা বা নেতিবাচক রাজনীতি মেনে নেবে না দল। সেক্ষেত্রে প্রয়োজন হলে কঠোর হওয়ার নীতিগত সিদ্ধান্তও রয়েছে দলে।

এ ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি সমাবেশ থেকে যেসব দাবি দিয়েছে, তারা নিজেরাও জানে সেগুলো পূরণ করা সম্ভব নয়। বরং এর মধ্য দিয়ে তারা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই নির্বাচনে আসতে চায়, সেটা প্রকাশ পেয়েছে।

আওয়ামী লীগের এই নেতা বিএনপিকে নির্বাচনে অংশ নিতে আহ্বান জানিয়ে বলেন, নেতিবাচক রাজনীতি পরিহার করে বিএনপির উচিত নির্বাচনে অংশ নেওয়া। সুষ্ঠু নির্বাচনে তাদেরও দায়িত্ব আছে। আমরা আশা করছি, বিএনপি নির্বাচনে আসবে।

দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির সাত দফা দাবিকে অযৌক্তিক ও অবাস্তব বলে মত দেন। কাদের বলেন, এই সাত দফা দাবি অযৌক্তিক ও অবাস্তব এবং কোনো কোনোটি সংবিধানবিরোধী। কাজেই এসব অবাস্তব দাবি এই সময়ে, নির্বাচনের শিডিউল ঘোষণার আর মাত্র এক মাস বাকি এর মধ্যে মেনে নেয়ার কোনো সুযোগ নেই। তারা নিজেরাই ক্ষমতায় থাকলে এই সময়ের মধ্যে দাবিগুলো মেনে নিতে পারত না। অসাংবিধানিক দাবি কেউ মেনে নিতে পারে না।

তোফায়েল আহমেদ বলেন, বিএনপির দাবিগুলো সংবিধান পরিপন্থী। এগুলো মানার কোনো প্রশ্নই আসেনা। নির্বাচন হবে সংবিধান অনুসারে। নির্বাচন কমিশন ঘোষিত তারিখ মতই নির্বাচন হবে। বর্তমান সরকারই নির্বাচন-কালীন সরকারের ক্ষমতায় থাকবে। আকারে কিছুটা ছোটো হতে পারে যদিও তা প্রধানমন্ত্রীর এখতিয়ার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫