আন্তর্জাতিক ডেস্ক ॥
সৌদি সাংবাদিক জামাল খাসোগজির হত্যাকা- ও বিদেশি চাপের ঘটনায় দেশটির শেয়ার বাজারে বড় রকমের দরপতন ঘটেছে। স্টক মার্কেটের ১৫টি খাতের প্রায় সবগুলোতেই দাম কমার লাল চিহ্ন ছিল এবং তালিকাভুক্ত প্রায় সব শেয়ারের দাম কমে যায়। তাদাউল আল-শেয়ারস ইনডেক্সে ৫০০ পয়েন্টের পতন ঘটে যা ছিল গত দশ মাসের মধ্যে সর্বনিম্ন।
রোববার সৌদি স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর দুই ঘণ্টার মধ্যে প্রায় পাঁচ হাজার কোটি ডলার তহবিল হারায় যার পুঁজি বর্তমানে ৪৫ হাজার কোটি ডলার দাঁড়িয়েছে।
এতে সৌদি স্টক মার্কেটে শতকরা সাত ভাগ দরপতন হয় যা ছিল ২০১৪ সালের পর প্রথম বড় ধরনের দরপতনের ঘটনা।
বিশ্লেষকরা বলছেন, এটা হতে পারে সৌদি আরবের জন্য অর্থনৈতিক সংকটের শুরু; আজ হোক কাল হোক এ ঘটনা সৌদি আরবের ওপর মারাত্মক প্রভাব ফেলবে।
দুবাইয়ের শেয়ার মার্কেট বিশ্লেষক মুহাম্মাদ জিদান বলেন, কিছু রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে সৌদি স্টক এক্সচেঞ্জে এমন দরপতন হয়েছে।
