কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়া থেকে গত প্রায় আড়াই মাস আগে কোরবানির ৪টি গরুসহ পিকআপ লুটের ঘটায় ৪ ডাকাতকে থানা পুলিশ শুক্রবার রাতে গাজীপুরের কোনাবাড়ি কড্ডা ব্রীজের পাশ থেকে গ্রেফতার করেছে। শনিবার তাদের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে প্রেরণ এবং ডাকাতরা স্বীকারোক্তিমূলক জবাববন্দি প্রদান করেছে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মনিরুজ্জামান খান জানান, গত ১৯ আগষ্ট দিবাগত রাত ৩টার দিকে কাপাসিয়া-ঢাকা সড়কের ভূবনেরচালাস্থ পাকা রাস্তায় অজ্ঞাতনামা ডাকাতরা অন্য একটি পিক আপ দিয়ে কোরবানীর ৪টি ষাড় গরু লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতরা পিক-আপের গতিরোধ করে গাড়ির ড্রাইভারসহ ২ জন গরু ব্যবসায়ীকে হাত-পা বেঁধে মারধর করে রাস্তার ঢালে ফেলে রেখে নগদ ৮৫ হাজার টাকা, ২টি মোবাইলসহ পিক আপ ডাকাতি করে নিয়ে যায়।

গাজীপুরের নবনিযুক্ত পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম’র নির্দেশনায় এবং কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিকের তদারকিতে ওসি অপারেশন মনিরুজ্জামান খানের নেতৃত্বে একটি বিশেষ টিম রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, সাভার, আশুলিয়া, বাজিতপুর, কিশোরগঞ্জসহ উত্তর বঙ্গে ১৫ দিনের অভিযান শেষে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আন্তঃ বিভাগ রোড ডাকাত চক্রটি সনাক্ত করেন। পরে গত শুক্রবার রাতে কোনাবাড়ি কড্ডা ব্রীজের পাশ থেকে একটি পিক-আপসহ লালমনিরহাটের রেজাউল (৪৫), গাইবান্ধার পলাশবাড়ির আব্দুল মান্নান ওরফে ফিরোজ (২৪), রংপুরের পীরগঞ্জের সাবু ওরফে এরশাদ (৩৫) এবং ইতিপূর্বে ফারুক (৩৮) কে কিশোরগঞ্জের বাজিতপুর থানা পুলিশ গ্রেফতার করেন।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, থানার ইন্সপেক্টর অপারেশন মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই সুমন আহমেদ, এসআই রাসেল কবির, এএসআই রাজিব, কনস্টেবল রাসেল, আনসার শুধাংশু, দিপংকর দীর্ঘদিনের প্রচেষ্টায় ডাকাতচক্রটিকে সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
