Skip to content

কাপড়ের ব্যাগ থেকে উদ্ধার নবজাতককে বাঁচানো গেল না

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর গেণ্ডারিয়ার স্বামীবাগে কাপড়ের ব্যাগ থেকে জীবিত উদ্ধার নবজাতকটি (ছেলে) মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর আড়াইটার দিকে মারা যায় শিশুটি।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর আড়াইটার দিকে নবজাতক (২১১ নং) ওয়ার্ডে শিশুটি মারা যায়।

এর আগে সকালে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সহযোগিতায় ওই নবজাতকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

স্বামীবাগের স্থানীয় বাসিন্দা রোমানা আক্তার বলেন, এলাকার একটি বাসার সামনে পরিত্যক্ত জায়গায় হলুদ ও নেভি ব্লু রঙের কাপড়ের ব্যাগে কিছু একটা নড়াচড়া করছে বলে প্রতিবেশীদের কাছে জানতে পারি। ঘটনাস্থলে গিয়ে প্রথমে মনে হয়েছিল বিড়ালের বাচ্চা। তবে কান্নার শব্দ শুনে কাপড়ের ব্যাগটি খুলে দেখা যায় জীবন্ত নবজাতক। এ খবরে দ্রুত আশপাশের লোকজনও ভিড় করে।

পরে পুলিশকে খবর দেয়া হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় নবজাতককে উদ্ধার করে ঢামেক হাসপাতালের ২১১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নবজাতক ওয়ার্ডের চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, নবজাতকের ওজন ৭৯০ গ্রাম। ধারণা করা হচ্ছে, কোনো একটি ক্লিনিকে গর্ভপাত ঘটানো হয়েছে। নবজাতকের নাভিতে ক্লিপ লাগানো ছিল।

চিকিৎসকরা জানান, নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন আছে। অবস্থাও গুরুতর।

গেণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমান জানান, স্থানীয়দের সহযোগিতায় ব্যাগের ভেতর থেকে ওই নবজাতককে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। নবজাতকের অবস্থা ভালো নয় বলে আমরা জানতে পেরেছি। নবজাতকটি কারা ফেলে গেছে, আশপাশের সিসি ক্যামেরা দেখে তা শনাক্তের চেষ্টা চলছে। সূত্র: জাগোনিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫