বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপির ভোট চাওয়ার কোনো অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগের প্রার্থী নাজমুল হাসান পাপন।
এর কারণ হিসেবে তিনি জানান, তিনবার ক্ষমতায় গিয়েও দেশের তেমন উন্নয়ন করতে পারেনি বিএনপি, ভবিষ্যতেও পারবে না।’
সে কারণেই বিএনপিকে ভোট না দিতে জনগণের কাছে আহ্বান জানান বর্তমান বিসিবি সভাপতি।
গতকাল রোববার ভৈরবের শিবপুর ইউনিয়নে আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন নাজমুল হাসান পাপন।
ক্ষমতায় গেলে বিএনপি আবারও লুটপাট করবে মন্তব্য করে পাপন আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি ক্ষমতা পেলে আবারও দুর্নীতি ও খুনের রাজত্ব কায়েম করবে।’
এসময় দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন – উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌরসভার মেয়র ফখরুল আলম আক্কাছ প্রমুখ।
