Skip to content

আমি শুধু নৌকার নই কাপাসিয়ার সকল জনগণের প্রতিনিধি: রিমি

আকরাম হোসেন রিপন/মীর মাসুদ করিম
কাপাসিয়া থেকে: গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এ সময় তিনি বলেন, আমি মোট কাস্টিং ভোটের ৮৯ শতাংশ ভোট পেয়েছি। এখানে সবাই হয়ত আওয়ামী লীগ করেন না কিন্তু আপনারা আমাকে দল মত নির্বিশেষে ভোট দিয়েছেন তাই আমি বলতে চাই, শুধু নৌকার নই কাপাসিয়ার সকল জনগণের প্রতিনিধি। আমার দরজা সবার জন্য খোলা রয়েছে। আমি সবাইকে নিয়ে মিলে মিশে কাজ করতে চাই। এসময় তিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতিকের প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজকে নির্বাচনে অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানান।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমি সর্বক্ষেত্রে উপস্থিত সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সমালোচনা আশা করি। তিনি তাঁর বিজয়কে কাপাসিয়া বাসির বিজয় তথা স্বাধীনতা সংগ্রামের অগ্রণী ভূমিকা পালনকারী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের আদর্শের বিজয় বলে মনে করেন। দেশ, জাতি ও সমাজের প্রতি তাজউদ্দীন আহমদের চিন্তা ভাবনা কতোটুকু ছিল, তা আমরা তাঁর মৃত্যুর পর জানতে পারছি। তাজউদ্দীন আহমদ মানুষের অনুভূতিকে অনুধাবন করতে পারতেন।
তিনি আরও বলেন, আমরা নতুন পথের সন্ধানে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য হবে মানুষের দুঃখ কষ্টকে কম করে নিয়ে আসা। আমার কাছে সবাই সমান, সবাই নিরাপদ। সমাজের প্রত্যেকটি মানুষের যথাযথ মূল্যায়ন এবং যোগ্যতা অনুযায়ী প্রতিষ্ঠা দিতে সহায়ক ভূমিকা পালন করা। প্রতিপক্ষের কেউ যেন দলীয় নেতা-কর্মীদের দ্বারা হয়রানী বা কষ্ট না পায় তার জন্য সবার প্রতি উদাত্ত আহবান জানান। সবাইকে ধৈর্য ধারন করে কাপাসিয়াকে মানবিক কাপাসিয়া গড়ায় সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। সত্য ও সুন্দরের প্রকাশ হলো সংস্কৃতি। আর আমাদের ব্যক্তি সংস্কৃতি পরিবর্তন করতে হবে। বিগত দিনে আমার নেতা-কর্মীরা আমাকে অনুস্মরণ করেছে, সেই জন্য সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। আমাকে দিয়ে কাপাসিয়ার কোন ক্ষতি হবে না। মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও রাস্তা-ঘাটের আমুল পরিবর্তন করতে চাই। এলাকার দরিদ্র জনগোষ্ঠির কথা চিন্তা করে তিনি এক টাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চান। দলের প্রত্যেকটি পদধারী নেতাদের যেন পদ অনুযায়ী তাদের ভূমিকা থাকে সে জন্য নেতা-কর্মীদের পরামর্শ দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, প্রত্যেককে তার নিজের সন্তানের কথা চিন্তা করে মাদক নির্মূল এবং বাল্য বিয়ের ব্যাপারে বিশেষ ভূমিকা রাখা এবং এব্যাপারে কোন খবর থাকলে গোপনে তাঁকে বলার জন্য আহবান জানান। স্থানীয় শীতলক্ষ্যা নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য ড্রেজিং করার ব্যবস্থা গ্রহণ এবং সকল ক্ষেত্রে সাংবাদিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার অঙ্গিকার ব্যক্ত করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ¦ মুহম্মদ শহীদুল্লাহ, এমপি সিমিন হোসেন রিমি’র স্বামী মোস্তাক হোসেন, জাতীয় রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকন্দ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা আলমগীর হোসেন আকন্দ, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা মহিলা লীগের সভানেত্রী রওশন আরা সরকার, সহ-সভানেত্রী কামরুন নাহার রীনা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল কাইয়ূম ভূঁইয়া, সাধারণ সম্পাদক সৈকত, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫