কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকশিত করতে হবে। শুধু লেখাপড়া নয়, খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের মনোনিবেশ করতে হবে। খেলাধুলা করলে অসৎ ও অন্যায় কাজে শিক্ষার্থীরা ধাবিত হবে না। মাদকের করালগ্রস্ত থেকে মুক্তি পাওয়ার বড় মাধ্যম খেলাধুলা। এ প্রজন্মই আমাদের ভবিষ্যত। তরুণ প্রজন্ম আওয়ামী লীগকে ভালোবাসে। তরুণ সমাজ বিপদগামী হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তরুণ প্রজন্মের আদর্শ ও নেতৃত্ব মজবুত থাকলে দেশের জনশক্তিকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আজ মঙ্গলবার কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন।
বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল গণি ভূইয়া, যুগ্ম সম্পাদক আবু বকর চৌধুরী, গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আমজাদ হোসেন স্বপন প্রমুখ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি মেহের আফরোজ চুমকি বলেন, বর্তমান সরকার তোমাদের লেখাপড়ার জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন। মনোযোগ সহকারে লেখাপড়া করে আদর্শবান মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। তাতে তোমাদের বাবা-মার পাশাপাশি শিক্ষকরাও প্রশংসিত হবে। ভবিষ্যতে দেশ পরিচালনায় বড় বড় পদে তোমরাই আসীন হবে।
