Skip to content

আইনজীবীর মাধ্যমে হাজিরা দিলেন খালেদা জিয়া

বাংলাভূমি ডেস্ক ॥
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় আইনজীবীর মাধ্যমে হাজিরা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতে হাজিরা দেন খালেদা জিয়ার পক্ষে আইনজীবী জিয়া উদ্দিন জিয়া। এদিন বিচারক এএইচএম রুহুল ইমরানের আদালতে এ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।

মামলার অপর আসামি সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের পক্ষে মামলাটি উচ্চ আদালতে স্থগিত থাকায় অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন আইনজীবী।

আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৬ ফেব্রুয়ারি অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, কনসোর্টিয়াম অব চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএমসি) সঙ্গে বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তির মধ্য দিয়ে সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি হয়।

এ অভিযোগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. শামসুল আলম বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান (মৃত), সাবেক স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া (মৃত), সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী (যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত) ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ (যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত) ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ওই বছরের ৫ অক্টোবর দুদকের উপপরিচালক মো. আবুল কাসেম আদালতে চার্জশিট দাখিল করেন। ১৬ আসামির মধ্যে ৬ আসামি মারা গেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫