বিনোদন ডেস্ক ॥
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবার নতুন পরিচয়ে দর্শকের সামনে আসছেন। টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে উপস্থাপক হিসেবে অভিষেক হচ্ছে তার। অনুষ্ঠানটির নাম ‘ক্যাম্প ফায়ার’।
মাবরুর রশীদ বান্নাহ’র প্রযোজনায় অনুষ্ঠানটি ১১ জানুয়ারি থেকে নিউজ টোয়েন্টিফোর চ্যানেলে প্রচার হবে। এ অনুষ্ঠানে কাজ করা প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘আমি অভিনয় নিয়েই বেশি ব্যস্ত থাকি। এর বাইরে মাঝে মধ্যে টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করা হয়।
তবে ক্যাম্প ফায়ার অনুষ্ঠানটির পরিকল্পনা পছন্দ হওয়ায় এতে উপস্থাপনা করার আগ্রহ পেয়েছি। সে জন্যই কাজটি করছি। উপস্থাপনার কাজটি খুব সহজ নয়। এখানে উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হয়।
অনুষ্ঠানটির প্রথম দুই পর্বের শুটিং করেছি ২৮ ডিসেম্বর। শুটিং করার আগে প্রযোজকের সঙ্গে এ নিয়ে হোমওয়ার্ক করেছি। আশা করছি মিডিয়াতে আমার এ যাত্রা সুখকরই হবে।’ জানা গেছে, এটি মূলত আড্ডানুষ্ঠান। এতে বিনোদন জগতের তারকাদের পাশাপাশি সমাজের নানা পেশার মানুষও অতিথি হয়ে আসবেন।
অনুষ্ঠানটি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে ধারণ করা হবে। অন্যদিকে বরাবরের মতোই অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন নিশো।
২০১৮ সালে তার অভিনীত একাধিক নাটক দর্শকপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছে। ২০১৯ সালেও ভালো কিছু নাটকে অভিনয়ের বিষয়টি এরই মধ্যে চূড়ান্ত হয়ে আছে। নিশো চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। তবে এ মাধ্যমে তিনি বুঝে শুনে কাজ করবেন বলে জানিয়েছেন।
