স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের হাড়িনাল এলাকায় নির্বাচনের দিন যুবলীগ নেতা লিয়াকত হোসেনের নৃশংস ভাবে খুনের ঘটনায় গ্রেফতারকৃত এজাহারভূক্ত তিন আসামিকে বৃহস্পতিবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে গাজীপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে পুলিশ। পরে আদালতের বিচারক শুনানী শেষে প্রত্যেক আসামিকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডকৃত আসামিরা হলেন তানভির হোসেন ওরফে বড় তুহিন (২৬), মোঃ নয়ন (৩২) ও সৈয়দ মোমেন আলম তুহিন ওরফে ছোট তুহিন (২২)।
এদের মধ্যে সৈয়দ মোমেন আলম তুহিন ওরফে ছোট তুহিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) জাহাঙ্গীর আলম। তিনি জানান, এ মামলায় ইতোপূর্বে আরো গ্রেফতার হওয়া ৮ আসামি প্রত্যেককে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন হাড়িনাল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে রাস্তায় রাজনৈতিক প্রতিহিংসার বশবতী পূর্বশক্রতার জেরে আসামিরা যুবলীগ নেতা লিয়াকতসহ তিনজনের উপর অতর্কিতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে এলোপাথারী ভাবে কুপিয়ে মারাত্মক আহত করে। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক লিয়াকতকে মৃত ঘোষণা করেন।
