Skip to content

বিএনপিকে নির্মূল করতে শাসকগোষ্ঠী মরিয়া: ফখরুল

বাংলাভূমি ডেস্ক ॥
শাসকগোষ্ঠী বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়ে বিএনপিকে নির্মূল করতে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদের পাঠানো বিবৃতিতে বলা হয়, সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন মামলায় ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ আদালতে হাজিরা দিতে গেলে জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনবিচ্ছিন্ন আওয়ামী সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে নির্মূল করে একদলীয় দুঃশাসনকে দীর্ঘায়িত করতেই নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্ভট, মনগড়া ও ভিত্তিহীন মামলা দায়ের করে তাদেরকে কারাগারে পুরে রাখছে। মূলত শাসকগোষ্ঠী বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়ে বিএনপিকে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠেছে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই তার জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে অবিলম্বে সাইফুল ইসলাম ফিরোজের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫