Skip to content

বাড়ির বাইরে যাওয়াই বন্ধ করে দিয়েছেন হার্দিক

স্পোর্টস ডেস্ক ॥
একটি ঘটনাই যেন জীবনটা দুর্বিষহ করে তুলেছে হার্দিক পান্ডিয়ার। মঙ্গলবার ছিল হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব ‘মকর সংক্রান্তি’। অথচ এমন উৎসবের দিনেও ঘরের বাইরে বের হননি ভারতীয় এই অলরাউন্ডার, পুরোটা দিন কাটিয়েছেন বারোদার বাড়িতেই।

মকর সংক্রান্তি হিন্দুদের প্রাচীন উৎসবের মধ্যে একটি। সামাজিক এই অনুষ্ঠানে রঙে রঙে সাজানো হয় এলাকাগুলো। ছেলেমেয়েরা বাড়ি বাড়ি গিয়ে টাকা সংগ্রহ করে, সেইসঙ্গে নাচ-গান, মেলা, ঘুড়ি উড়ানোসহ নানা ধরণের আনন্দ উদযাপনে সময় পার করে।

হার্দিক পান্ডিয়া এমনিতে ঘুড়ি উড়াতে খুব পছন্দ করেন। কিন্তু অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর সেটাও করতে যাননি এই অলরাউন্ডার। তার বাবা হিমাংসু জানিয়েছেন, ছেলে ঘরে বসে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে দেখেছে।

প্রসঙ্গত, ভারতের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ নারীদের নিয়ে বেফাঁস মন্তব্য করার দায়ে হার্দিক পান্ডিয়া আর লোকেশ রাহুলকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট বোর্ড। সিরিজের মাঝপথেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে তাদের।

হার্দিকের বাবা জানালেন, দেশে ফেরার পর থেকে বাড়ির বাইরে বের হয়নি তার ছেলে, ‘সে ম্যাচ দেখেছে। অস্ট্রেলিয়া থেকে আসার পর সে বাড়ির বাইরে বের হয়নি। সে কারও কলও ধরছে না। শুধু বিশ্রাম নিচ্ছে।’

গুজরাটে ছুটির দিন থাকলেও হার্দিক এই সময়টায় আনন্দ করতে বের হননি উল্লেখ করে হিমাংসু বলেন, ‘এটা উৎসবের দিন, গুজরাটে সাধারণ ছুটি। কিন্তু হার্দিক ঘুড়ি উড়াতেও বের হয়নি। অথচ সে ঘুড়ি উড়াতে খুব পছন্দ করে। ব্যস্ত ক্রিকেট সূচির কারণে গত কয়েক বছরে সে বাড়িতে থাকতে পারেনি। এবার তার ঘুড়ি উড়ানোর সুযোগ ছিল। কিন্তু উৎসব উদযাপনের মতো মন মানসিকতাই ছিল না।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫