Skip to content

উল্টো দিলীপ বড়ুয়াকে দুষলেন আমু

বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সদ্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু অভিযোগ করে বলেছেন, পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে কেমিক্যাল কারখানা সরাতে না পারার ব্যর্থতা ঢাকতেই আমার ওপর চাপাতে চেয়েছেন সাবেক শিল্পমন্ত্রী সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

সোমবার রাজধানীর ইস্কাটনের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আমু বলেন, ‘দিলীপ বড়ুয়ার ব্যক্তিগত অযোগ্যতা ও অদক্ষতার কারণে তিনি প্রশ্নের সম্মুখীন হতে পারেন। সেটা ভেবে আতঙ্কগ্রস্ত হয়ে সেই ব্যর্থতার দায় তিনি আমার ওপর চাপাতে চেয়েছেন। নিজের ব্যর্থতা আড়াল করতে তিনি (দিলীপ বড়ুয়া) অগ্রিম এ ধরনের কথাবার্তা বলছেন।

তিনি বলেন, ‘নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনার পরে একটি কেমিক্যাল পল্লী স্থাপনের সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে বিসিকের চেয়ারম্যানকে সভাপতি করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। কিন্তু ওই কমিটির সভাপতি হওয়ার কথা ছিল তৎকালীন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার। তার অদক্ষতা ও অযোগ্যতা ও নির্লিপ্ততার কারণে তাকে সভাপতি করা হয়নি। এতেই তার ব্যর্থতা প্রমাণিত হয়।’

সাবেক এই শিল্পমন্ত্রী বলেন, ‘আমি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর এই প্রকল্প অনেক দূর এগিয়ে নিয়ে যাই। আমার সময় কেমিক্যাল পল্লী গঠনের লক্ষ্যে ৫০ একর জমি অধিগ্রহণের অনুমোদন করানো হয়। তারপরই আমার মেয়াদ শেষ হয়ে যায়। পুরান ঢাকার কেমিক্যাল ব্যবসায়ীরা ছোট আকারের ব্যবসা করেন। তারা এখান থেকে সরতে চান না। তাছাড়া, এসব প্রতিষ্ঠান শিল্প মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তও নয়। এসব কারণে কেমিক্যাল কারখানা সরাতে সময় লাগছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমু বলেন, ‘এই ইস্যুতে সরকারের অবস্থান পরিষ্কার। দিলীপ বড়ুয়া এমন একটি দলের প্রতিনিধিত্ব করেন যে দলে নিজ যোগ্যতায় একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়ারও সামর্থ্য নেই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫