Skip to content

অগ্নি সন্ত্রাসীদের নিয়ে গণতন্ত্রের কথা বলছেন ড. কামাল

বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণতন্ত্র হাইজ্যাককারী ও অগ্নি সন্ত্রাসীর দল বিএনপিকে সঙ্গে নিয়ে ড. কামাল হোসেন গণতন্ত্র রক্ষার কথা বলছেন, যা অত্যন্ত হাস্যকর ও জনগণের সঙ্গে ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, যে দলের প্রতিষ্ঠাতা বন্দুক উঁচিয়ে ক্ষমতা দখল করেছিল, যে দল ক্ষমতায় আসতে জনগণের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করে, সে দলের সঙ্গে জোট করে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা জাতির সঙ্গে মশকরা করা।

শনিবার (২ মার্চ) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের নতুন ঘোষিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘৩০ ডিসেম্বরের আগে জনগণের হাতে ক্ষমতা ছিল, ৩০ ডিসেম্বরের পরে ক্ষমতা ছিনতাই হয়েছে’- এ বক্তব্যের মাধ্যমে প্রকারান্তরে কামাল হোসেন স্বীকার করে নিয়েছেন যে দেশের ক্ষমতা জনগণের হাতেই রয়েছে। কারণ ৩০ ডিসেম্বরের আগে যেহেতু শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবারো প্রধানমন্ত্রী হয়েছেন। এতেই প্রমাণিত হয় দেশের ক্ষমতা আগেও জনগণের হাতে ছিল, এখনো আছে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে শেখ হাসিনার হাতে আবারো দেশ পরিচালনার ভার তুলে দিয়েছেন।

বিএনপি নেতা খন্দকার মোশাররফের বক্তব্যের কড়া সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ৩০ ডিসেম্বর জনগণ ভোটের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করে কষে চপেটাঘাত করেছিল। ঢাকা সিটি নির্বাচনে এলে আবারো জনগণের চপেটাঘাত খেতে হবে এ ভয়েই তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন বিশ্বের যে কোনো স্থানীয় উপ-নির্বাচনের মানদণ্ডে অত্যন্ত সন্তোষজনক হয়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, তিনদিনের সরকারি ছুটি, বৈরি আবহাওয়া ও নির্বাচনে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকার পরেও যে ৩১ শতাংশের বেশি ভোট পড়েছে তা অত্যন্ত সন্তোষজনক।

সর্ব-ইউরোপীয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চাচলনায় এবং সভাপতি এম. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখে যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইতালি, বেলজিয়া, জার্মানিসহ বেশ কয়েকটি দেশের আওয়ামী লীগের নেতারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫