Skip to content

টাইগারদের বিপক্ষে ২০০ করে উইলিয়ামসনের ইতিহাস

স্পোর্টস ডেস্ক ॥
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ব্যাটিং পেয়েছেন মাত্র এক ইনিংসে। খেলেছেন ২০০ রানের অপরাজিত ইনিংস, এতেই গড়েছেন ইতিহাস।

ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির ইনিংসটি উইলিয়ামসনকে এনে দিয়েছে নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে ৯০০ রেটিং পাওয়ার সম্মান। র‌্যাংকিংয়ের দ্বিতীয় অবস্থানে থাকা উইলিয়ামসনের রেটিং পয়েন্ট এখন ৯১৫।

যথারীতি টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে সবার ওপরে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তবে ভারতের অধিনায়কের চেয়ে মাত্র ৭ পয়েন্ট পিছিয়ে উইলিয়ামসন। কোহলির ৯২২ রেটিং টপকে শীর্ষে উঠতে কিউই অধিনায়কের হাতে রয়েছে আরও ২টি ম্যাচ। যেখানে নিকট ভবিষ্যতে কোনো টেস্ট ম্যাচ নেই কোহলির।

তাই অস্বাভাবিক কিছু না ঘটলে বাংলাদেশের বিপক্ষে সিরিজের মধ্যেই র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে যাবেন ২৮ বছর বয়সী কেন উইলিয়ামসন। আরেকটু কাছে যাবেন ১৯৪৮ সালে ডন ব্র্যাডম্যানের করা ইতিহাস সর্বোচ্চ ৯৬১ রেটিং পয়েন্টের।

ব্র্যাডম্যানের এই ইতিহাস সেরা রেটিংয়ের খুব কাছে গিয়েছিলেন সাবেক অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। ২০১৭ সালের ডিসেম্বরে তিনি পেয়েছিলেন ৯৪৭ রেটিং পয়েন্ট। মনে হচ্ছিলো সহসাই ব্র্যাডম্যানের রেকর্ড নিজের করে নেবেন তিনি। কিন্তু বল টেম্পারিংয়ের দায়ে ১ বছরের নিষেধাজ্ঞা ভোগ করে স্মিথ হারিয়েছেন ৯০ রেটিং পয়েন্ট। ৮৫৭ রেটিং নিয়ে তিনি নেমে গিয়েছেন র‌্যাংকিংয়ের চতুর্থ স্থানে।

এদিকে নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৯০০ রেটিংয়ের রেকর্ড গড়েছেন উইলিয়ামসন। তার আগে কিউইদের পক্ষে সর্বোচ্চ রেটিংয়ের রেকর্ডটা ছিলো রস টেলরের দখলে। ২০১৩ সালের ডিসেম্বরে তিনি পেয়েছিলেন ৮৭১ রেটিং।

এছাড়া ব্যাটিং, বোলিং বা অলরাউন্ডার তিন বিভাগ মিলিয়ে মাত্র দ্বিতীয় কিউই ক্রিকেটার হিসেবে ৯০০ রেটিং অর্জন করেছেন নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক। ১৯৮৫ সালের ডিসেম্বরে কিংবদন্তি রিচার্ড হ্যাডলি বোলিং র‌্যাংকিংয়ে ৯০৯ রেটিং পেয়েছিলেন। তাকে ছাড়িয়ে উইলিয়ামসনের বর্তমান রেটিং ৯১৫।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫