Skip to content

সমতায় শেষ আফগান-আইরিশ সিরিজ

স্পোর্টস ডেস্ক ॥
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসে টইটুম্বুর ছিল আফগানিস্তান ক্রিকেট দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও ঘটবে টি-টোয়েন্টির পুনরাবৃত্তি- এমনটাই আশা ছিল স্বাগতিকদের।

কিন্ত তা হতে দেয়নি আইরিশরা। বৃষ্টিতে এক ম্যাচে ভেসে যাওয়ায় চার ম্যাচে নেমে আসা সিরিজে ২-২ ব্যবধানে ড্র করেছে দুই দল। সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তান জেতার পর পরিত্যক্ত হয় দ্বিতীয় ম্যাচ। তৃতীয় ম্যাচ জিতে সমতা আনে আয়ারল্যান্ড, চতুর্থ ম্যাচে আবারো এগিয়ে যায় আফগানিস্তান।

রোববার রাতে আয়ারল্যান্ডের সামনে তাই সুযোগ ছিলো সিরিজ বাঁচানোর, জয়ের আশা ছিল আফগানিস্তানের। কিন্তু ৫ উইকেটের জয়ে সমতাতেই সিরিজ শেষ করলো আইরিশরা। আগে ব্যাট করে আফগানরা করতে পেরেছিল ২১৬ রান। যা তাড়া করতে নেমে ১৬ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড।

টসে হেরে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। মাত্র ৫০ রানেই সাজঘরে ফিরে যান ৪ ব্যাটসম্যান। সেখান থেকে দলকে বলার মতো সংগ্রহ এনে দেন অধিনায়ক আসগর আফগান এবং মোহাম্মদ নাবী। দুজন মিলে পঞ্চম উইকেটে যোগ করেন ৭৬ রান।

আগের ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখানো রশিদ খান ব্যাট হাতে জ্বলে ওঠেন আবারও। আসগর খেলেন ১১১ বলে ৮২ রানের ইনিংস। রশিদ খান অপরাজিত থাকে ২৮ বলে ৩৫ রান করে। আফগানদের ইনিংস থামে ৬ উইকেটে ২১৬ রানে।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই জয়ের পথে ছিল আইরিশরা। উদ্বোধনী জুটিতে আসে ৫৭ রান, দ্বিতীয় উইকেটে হয় ৮১ রানের জুটি। পল স্টার্লিং ৬৮ এবং অ্যান্ডি ম্যাকব্রাইন খেলেন ৭০ রানের ইনিংস। শেষদিকে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান কেভিন ও’ব্রায়েন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫