বাংলাভূমি ডেস্ক ॥
২৮ বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদের প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণের দিন বেশ কিছু কেন্দ্রে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এর মধ্যে কুয়েত মৈত্রী হলে জাল ব্যালট ধরা পড়ায় ভোট গ্রহণ স্থগিত হয়েছে। মহসীন হলে হামলার শিকার হয়েছেন প্রগতিশীল ছাত্রজোটের ভিপি পদপ্রার্থী লিটন নন্দী।
সাংবাদিকদের কাছে ছাত্র ইউনিয়নের এই নেতা অভিযোগ করেছেন, তিনি ভোটের পরিস্থিতি দেখার জন্য মহসীন হলে যান। এসময় তিনি দেখেন ভোটারদের লাইন এগুচ্ছে না। বিষয়টি নিয়ে তিনি প্রভোস্টের সঙ্গে কথা বলার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালায় বলে তিনি জানিয়েছেন।
এদিকে একাধিক হল থেকে সিল দেওয়া ব্যালট পেপার উদ্ধারের ঘটনা সামনে এসেছে। কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট শবনম জাহানকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। রোকেয়া হলে ব্যালট বাক্স সিলগালা করা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও প্রভোস্টের বাদানুবাদে ভোটগ্রহণ দুই ঘণ্টা বিলম্বিত হয়েছে। এ অবস্থায় প্রগতিশীল ছাত্রজোট ডাকসু নির্বাচন বর্জন করবে কিনা তা নিয়ে বৈঠকে বসছে।
