Skip to content

ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলের শ্রমিকদের রাজপথে বিক্ষোভ

বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধি ॥
নরসিংদীঃ পাটকল শ্রমিকদের প্রস্তাবিত মজুরী কমিশন বাস্তবায়ন, শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি ও পাট ক্রয়ের টাকাসহ নয় দফা দাবীতে বিজেএমসি নিয়ন্ত্রানাধীন পলাশ শিল্প এলাকায় ঘোড়াশালস্থ বাংলাদেশ জুটমিলের শ্রমিকরা সোমবার সকাল ১০টায় রাজপথে লাল পতাকা বিক্ষোভ মিছিল করেছেন। মিলের উৎপাদন বন্ধ করে প্রায় ৩ হাজার শ্রমিক ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মিলের প্রধান ফটকের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে ইউসুফ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জুটমিলের সিবিএ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাহেব আলী, হারুন অর রশিদ প্রমুখ। বক্তারা অবিলম্বে শ্রমিকদের প্রস্তাবিত মজুরি বাস্তবায়ন, শ্রমিক কর্মচারীদের বকেয়া মজুরি, গ্রাচ্যুইটি ও পাট ক্রয়ের টাকা সহ ৯ দফা দাবী মেনে নেওয়ার আহ্বান জানান।
এদিকে গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জুটমিলের শ্রমিকরা মিলের জিএম মোঃ গোলাম রাব্বানীকে বকেয়া মজুরির দাবীতে তার বাসভবনে অবরুদ্ধ করে রাখে। পরে পলাশ থানা পুলিশ এসে জিএমকে উদ্বার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিএম গোলাম রাব্বানী পরে শ্রমিকদের ৮ সপ্তাহ বকেয়া মজুরীর মধ্যে এক সপ্তাহের মজুরী দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
সিবিএ নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশে বলেন, বাংলাদেশ জুট মিলের পণ্য বিক্রি করে থাকে বিজেএমসি। উৎপাদিত পণ্য বিক্রি বাবদ বিজেএমসির কাছে ৯০ কোটি টাকা পাওনা রয়েছে বাংলাদেশ জুট মিল। কিন্তু বিজেএমসি সময়মত টাকা না দেয়ার কারণে শ্রমিকদের বেতন ভাতাদি দিতে পারছেন না মিল কর্তৃপক্ষ। বেতন ভাতাদি না পেয়ে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে মিলের সাড়ে ৩ হাজার শ্রমিক কর্মচারীদের। মিলের শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা সপ্তাহে মাত্র ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা মজুরি পান। কিন্তু ৮ সপ্তাহের মজুরি বকেয়া থাকায় তাদের আর্থিক কষ্টের মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে। অনেকে মজুরি না পেয়ে মিলে আসছেন না। তারা বিকল্প অর্থসংস্থানের উৎস হিসেবে বাজার বন্দরে কাজ করে অথবা রিকশা-ভ্যান চালিয়ে সংসার চালাচ্ছেন।
অপরদিকে মিলের জিএম গোলাম রাব্বানী জানান, মিলের উৎপাদিত পণ্য বিক্রি না হওয়ার কারণে শ্রমিকদের মজুরী দিতে সমস্যা হচ্ছে। মিলে প্রায় ৪০ কোটি টাকার উৎপাদিত মালামাল পড়ে রয়েছে। এদিকে মিলে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও আন্দোলনরত জুট মিলের শ্রমিকরা আগামীকাল থেকে ৭২ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫