Skip to content

টেলর-মাসাকাদজাকে ছাড়াই জিম্বাবুয়ের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক ॥
আরব আমিরাতের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। যে দলে নেই দলের অভিজ্ঞতম দুই তারকা সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর এবং বর্তমান অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

তবে দুজনের কাউকেই স্বেচ্ছায় দল থেকে বাদ দেয়া হয়নি। গত ফেব্রুয়ারিতে ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়ে আঙুলের ইনজুরিতে পড়েছেন মাসাকাদজা। অন্যদিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠের বাইরে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর।

নিয়মিত অধিনায়ক মাসাকাদজার অনুপস্থিতিতে প্রথম দুই ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান পিটার মুর। আশা করা হচ্ছে সিরিজের শেষ দুই ম্যাচেই দলে ফিরবেন টেলর ও মাসাকাদজা।

এদিকে ১৬ সদস্যের দলে দুই নতুন মুখকে ডেকেছে জিম্বাবুয়ের বোর্ড। ২৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার আইনস্লে লভু এবং ২০ বছর বয়সী অফস্পিনিং অলরাউন্ডার টনি মিয়ুঙ্গা প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।

লম্বা সময় পর দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রেগিস চাকাভা এবং লেগস্পিনার টিমসেন মারুমা। সবশেষ ২০১৬ সালে জাতীয় দলে খেলেছেন মারুমা। অন্যদিকে ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখানো চাকাভা, ২০১৫ সালের পর আর খেলেননি জাতীয় দলে।

আগামী ১০ থেকে ১৬ এপ্রিলের মধ্যে চার ম্যাচের সিরিজ খেলবে দুই দল। এপ্রিলের ১০, ১২, ১৪ এবং ১৬ তারিখে হবে ম্যাচ চারটি। সবগুলো ম্যাচের ভেন্যু হারারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

প্রথম দুই ওয়ানডের জিম্বাবুয়ে স্কোয়াড : পিটার মুর (অধিনায়ক), সলোমন মিরে, ব্রায়ান চারি, রেগিস চাকাভা, শন উইলিয়ামস, টিমসেন মারুমা, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, ক্রিস পফু, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন মাভুতা, আইনস্লে লভু, টনি মিয়ুঙ্গা এবং এল্টন চিগুম্বুরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫