Skip to content

জায়ানের জানাজায় পেছাল সংসদ অধিবেশন

বাংলাভূমি ডেস্ক ॥
জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বুধবার বিকেল পাঁচটায় শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেয়া হয়েছে। পুনর্র্নিধারিত সময় অনুযায়ী সন্ধ্যা পৌনে সাতটায় শুরু হবে। আর সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে চারটায় শুরু হওয়ার কথা থাকলেও এটি আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

সংসদের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শ্রীলঙ্কায় গত (২১ এপ্রিল) রোববার ইস্টার সানডে উদযাপনের সময় গির্জা ও হোটেলে ভয়াবহ বোমা হামলায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীসহ ৩৫৯ জন নিহত হয়। আহত হন জায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্সসহ পাঁচ শতাধিক ব্যক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের নাতি জায়ানের লাশ আজ দেশে আসছে। বাদ আসর বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা হবে। এরপর দাফন করা হবে বনানী কবরস্থানে। এ জন্য সংসদ অধিবেশন শুরুর সময় পেছানো হয়েছে। সংসদের কার্যউপদেষ্টা কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য আজকের কমিটির বৈঠক বাতিল করা হয়। সংসদের কার্যউপদেষ্টা কমিটিতে সিদ্ধান্ত হয় অধিবেশন কতদিন চলবে। এ ছাড়াও সংসদবিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয় এ বৈঠকে।

এর আগে ৩ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। তবে এ অধিবেশন কতদিন চলবে তা জানা যায়নি। অধিবেশন শুরুর একঘণ্টা আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এ অধিবেশন পাঁচ কার্যদিবস চলতে পারে।

এর আগে চলতি একাদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি শুরু হয়। ২৬ কার্যদিবস চলা সে অধিবেশন শেষ হয় ১১ মার্চ। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। এ জন্যই জুনে বাজেট অধিশেন শুরুর আগে নিয়ম রক্ষার্থে এ অধিবেশন আহ্বান করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫