স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শ্রীপুর ও সদর উপজেলায় পৃথক অগ্নিকান্ডে বর্ণমালা কিন্ডারগার্টেন নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান ও এসএস কেমিকেল লিমিটেড নামের একটি কেমিকেল কারখানার ওয়েস্টেজ গুদাম পুড়ে গেছে।
বর্ণমালা কিন্ডারগার্টেন’র পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মো. সামসুল হক বিএসসি জানান, শ্রীপুরের মাওনা-চৌরাস্তা এলাকায় ১৯৯৫ সালে বর্ণমালা কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করা হয়।
গত শনিবার পাশেই তাদের কিন্ডারগার্টেনটির নতুন দোতলা ভবন উদ্বোধন ও সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থানান্তর করা হয়। রোববার রাতে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে তালা আটকিয়ে সবাই চলে যাই। গভীর রাতে অগ্নিকান্ডের খবর পাই। পরে স্থানীয় ফায়ার স্টেশনে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। শ্রীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে শিক্ষক মিলনায়তনের চারটা টেবিল, ৩০টি চেয়ার, একটি কম্পিউটার, তিনটি সিলিং ফ্যান পুড়ে গেছে। এছাড়া অধ্যক্ষের কক্ষ ও পরিচালনা পরিষদের কক্ষের দরজা, জানালা ভাংচুর অবস্থায় পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে ঘটনাটি নাশকতার যোগসূত্র রয়েছে। এছাড়া আগুন নেভানোর সময় কিন্ডারগার্টেনের ছাদ থেকে জহিরুল ইসলাম নামের এক যুবককে আটক করে পুলিশে দেয়া হয়েছে।
শ্রীপুর থানার এসআই মো. আব্দুল মালেক জানান, জহিরুল ওই প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নিকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রাতে তারা কয়েকজন গাছ বেয়ে ওই ভবনের সিড়ির উপরের চালাবিহিন ফাঁকা স্থান দিয়ে ভেতরে ঢুকেছে বলেও সে জানায়। তবে জড়িত অন্যদের কারো নাম ও কারণ সে এখনও স্বীকার করেনি।
অপরদিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ার মনিপুর এলাকায় রোববার রাত পৌণে ৮টার দিকে এস এস আর কেমিকেল কারখানার ওয়েস্টেজ গুদামের পাশে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় স্ফুলিঙ্গ থেকে ওয়েস্টেজে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। আগুনে গুদামের ওয়েস্টেজ ও মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। ওই দুই ঘটনায় কোন হতাহতের ঘটানা ঘটেনি।
