Skip to content

তিনশো রান তাড়া করা ব্যাপার হবে না: মাশরাফি

স্পোর্টস ডেস্ক ॥
প্রতিপক্ষ যত ছোটই হোক, ওয়ানডে ক্রিকেটে ৩০০ রান তাড়া করা সবসময়ই কঠিন। আইরিশরা বাংলাদেশের সামনে ছুড়ে দিয়েছিল ২৯৩ রানের লক্ষ্য। আগের বাংলাদেশ হয়তো এমন লক্ষ্য দেখে ভড়কে যেতো। তবে এই বাংলাদেশ অনেক বেশি পরিণত।

চলতি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের টপ অর্ডার দারুণ ভরসা দিচ্ছে। গতকালও (বুধবার) উপরের সারির সবাই রান পেয়েছেন। তামিম ইকবাল, লিটন দাস আর সাকিব আল হাসান হাফসেঞ্চুরি করেন। সমান ৩৫ রান করে আসে মুশফিকুর রহীম আর মাহমুদউল্লাহর উইলো থেকে। মোসাদ্দেক হোসেন করেন ১৪ রান। অর্থাৎ টপ আর মিডল অর্ডারের সবাই দুই অংক পেরুনো ইনিংস খেলেছেন। জয় পেতে তাই মোটেও কষ্ট হয়নি টাইগারদের।

যেহেতু আগেই ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল। এই ম্যাচটির তেমন গুরুত্ব ছিল না বাংলাদেশের। গুরুত্বহীন ম্যাচে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামে মাশরাফি বিন মর্তুজার দল। কিন্তু প্রতিপক্ষ শক্তিমত্তায় অনেক পিছিয়ে থাকলেও মাঠে একদমই ছেড়ে খেলার মানসিকতা দেখা যায়নি টাইগারদের।

প্রায় ৩০০ রান তাড়া করতে নেমে একটুও অস্বস্তি দেখা যায়নি টাইগার ব্যাটসম্যানদের মধ্যে। হেসেখেলে তারা পারি দিয়েছেন লক্ষ্য। সেটাও আবার ৬ উইকেট আর ৪২ বল হাতে রেখেই।

দলের পরিকল্পনা কি ছিল? তিনশোর কাছাকাছি রানও কিভাবে এত সহজে তাড়া করা সম্ভব হলো? অধিনায়ক মাশরাফি জানালেন, এই উইকেটে যে এমন রান তাড়া করা যাবে, সেটা জানাই ছিল তাদের। ওয়ানডে অধিনায়কের ভাষায়, ‘আমরা জানতাম এখানে তিনশো রান তাড়া করা ব্যাপার হবে না।’

আইরিশদের রান আরও বেশি হতে পারতো। মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা আবু জায়েদ রাহী এদিন দুর্দান্ত বোলিং করেন, তুলে নেন ৫টি উইকেট। পরের কাজটা তাই সহজ হয়ে যায় ব্যাটসম্যানদের।

দলের এমন পারফরম্যান্সে ভীষণ খুশি মাশরাফি, আশাবাদী ফাইনাল নিয়েও। টাইগার দলপতি বলেন, ‘বোলিংয়ে আবু (জায়েদ রাহী) দুর্দান্ত ছিল। আমাদের ব্যাটিংও দারুণ হচ্ছে, বিশেষ করে টপ অর্ডার। আমরা এই সিরিজে তিন ম্যাচ জিতেছি। ফাইনাল নিয়ে অবশ্যই আত্মবিশ্বাসী।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫