Skip to content

আমলার দুর্দান্ত পারফরম্যান্সের নেপথ্যে রোজা

স্পোর্টস ডেস্ক ॥
গোটা বিশ্বে একযোগে পালিত হচ্ছে পবিত্র মাহে রমজান। এমন সময়ে ইংল্যান্ডে বসছে ক্রিকেট বিশ্বকাপ। এখন প্রস্তুতি পর্ব সারছে অংশগ্রহণকারী ১০ দল। সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টি কামনায় অন্যান্য মুসলমানের মতো রোজা রাখছেন বৈশ্বিক আসরের প্রস্তুতি ম্যাচে খেলা মুসলিম ক্রিকেটাররাও।

অন্যতম হলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা। দুই দেশের মধ্যে রোজার সময়ের পার্থক্য অনেক। দক্ষিণ আফ্রিকায় ১২ ঘণ্টা সিয়াম সাধনা করতে হলেও ইংল্যান্ডে সেটা প্রায় ১৭ ঘণ্টা। তবু রোজা রেখে দুটি প্রস্তুতি ম্যাচেই হাফসেঞ্চুরি করেছেন ডানহাতি এ ব্যাটার। শ্রীলংকার বিপক্ষে ৬৫ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন অপরাজিত ৫১ রানের নান্দনিক ইনিংস। প্রোটিয়া ওপেনার বলছেন, দুর্দান্ত ফর্ম ও কন্ডিশনিংয়ের ক্ষেত্রে রোজা তাকে নানাভাবে সাহায্য করছে।

ব্রিস্টলে উইন্ডিজের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের পর আমলা বলেন, রোজা আসলে আমার কন্ডিশনিংয়ে সাহায্য করে। রোজা হলো এমন একটি বিষয় যেটার জন্য আমি অপেক্ষা করি। এটা বছরের সেরা মাস। আমি দেখেছি রোজায় দারুণ মানসিক ব্যায়াম হয়। পাশাপাশি পরলৌকিক বিষয়েও সাধনা হয়।

আগামী ৩০ মে ক্রিকেটের তীর্থভূমিতে গড়াবে বিশ্বকাপের দ্বাদশ আসর। উদ্বোধনী দিনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে দক্ষিণ আফ্রিকা। ওই দিন রোজা রেখেই খেলতে হবে আমলাকে। ২ জুন বাংলাদেশের বিপক্ষেও। এ ছাড়া ঈদের দিনও ভারতের বিপক্ষে তাকে খেলতে হবে। সর্বোপরি চোকার অপবাদ ঘোচাতে তীর্থের কাকের মতো তার দিকে চেয়ে প্রোটিয়ারা।

রোজা রেখে ইংলিশ কন্ডিশনে দারুণ খেলেন আমলা। ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে রোজা রেখে ক্যারিয়ারসেরা ৩১১ রানের ইনিংস খেলেন তিনি। এবারও তার ব্যাট থেকে আসতে পারে দুর্দান্ত কিছু!

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫