Skip to content

মরিশাসের কাছে অন-অ্যারাইভাল ভিসা চাইলেন পর্যটন প্রতিমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
বাংলাদেশি পর্যটকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা দিতে মরিশাসের প্রতি আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

শনিবার মরিশাসের পর্যটনমন্ত্রী অনিল কুমার গায়ানের সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী দুই দেশের পর্যটন উন্নয়নে সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান।

তিনি বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তার সকল বন্ধুর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করার জন্য সকল ক্ষেত্রে সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করছে।

প্রতিমন্ত্রী এ সময় মরিশাসে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। বৈঠকে মরিশাসের পর্যটনমন্ত্রী অনিল কুমার গায়ান তার দেশ ভ্রমণ করার জন্য প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে ধন্যবাদ জানান।

তিনি বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। বাংলাদেশের পর্যটকদের অন-অ্যারাইভাল ভিসাসহ অন্যান্য সকল সুযোগ-সুবিধা প্রদানের বিষয়ে মরিশাসের সরকার আন্তরিক।

তারা বিষয়টি নিয়ে আন্তরিকভাবে কাজ করবেন। বাংলাদেশি শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট সকল বিষয় তিনি গুরুত্বের সঙ্গে মরিশাসের প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন।

বৈঠকে মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রেজিনা আহমেদ ও মরিশাসের পর্যটন সচিবসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তারা মরিশাসের একটি পোশাক কারখানা পরিদর্শন করেন।

উল্লেখ্য, মরিশাসের বিভিন্ন পোশাক কারখানায় প্রায় ২৪ হাজার বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫