কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: যার জমি আছে কিন্তু ঘর নেই এ স্লোগানকে সামনে রেখে দুই উপকারভোগী পরিবারের মাঝে কালীগঞ্জে আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে ঘর প্রদান করে প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেছেন ইউএনও মো. শিবলী সাদিক। বুধবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বালীগাঁও গ্রামের নাজিমউদ্দিনের কন্যা নিলুফা বেগম ও একই এলাকার কালু মিয়ার পুত্র দেলোয়ার হোসেনে জমিতে ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। চৌচালা টিনের ঘর, বারান্দা ও একটি টয়লেটসহ প্রকল্পের অধীনে প্রতিটি ঘর নির্মাণ খরচ এক লাখ টাকা।
কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক বলেন, আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে যার জমি আছে কিন্তু ঘর নেই এ রকম ৫৩টি পরিবারের মাঝে সরকারি খরচে বারান্দাসহ ঘর ও টয়লেট নির্মাণ করে দেয়া হবে। আগামী ৩০ জুনের মধ্যে প্রতিটি উপকারভোগী পরিবারের মাঝে ঘর বুঝিয়ে দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম ও কালীগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আকতারুজ্জামান।
