Skip to content

কালীগঞ্জে ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান এ স্লোগানকে সামনে রেখে কালীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতালের হলরুমে মসজিদের ইমাম, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মীদের নিয়ে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মো. শিবলী সাদিক। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদুল আলম খান মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সানজিদা আহমেদ, মা ও শিশু স্বাস্থ্য হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমান ও জামালপুর ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান খান ফারুক মাষ্টার প্রমুখ।

আগামী ২২ জুন কালীগঞ্জ উপজেলার ১৯৩টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমানো এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর জন্য ৬-১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অতীব জরুরি। জেরোফথ্যালমিয়া (রাতকানা ও বিটট্স স্পট), দীর্ঘমেয়াদি ডায়রিয়া, হাম ও মারাত্মক অপুষ্টি আক্রান্ত শিশুকে চিকিৎসকের পরামর্শে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো উত্তম। ক্যাম্পেইন কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪টার মধ্যে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে নিয়ে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভায় আহবান জানানো হয়েছে। ভ্রমণে থাকাকালীন সময়েও আপনি রেলস্টেশন, বাস টার্মিনাল, ফেরিঘাট ও লঞ্চঘাটে অবস্থিত ক্যাম্পেইন কেন্দ্রে থেকে আপনার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে পারবেন।

তাছাড়া যদি কোনো শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে থাকে তবে সেই শিশুকে ক্যাম্পেইনে ভিটামিন ‘ এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫