Skip to content

এরশাদের সুস্থ হবার সম্ভাবনা যতদিন লাইফ সাপোর্ট ততদিন

বাংলাভূমি ডেস্ক ॥
যতদিন হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থ হবার সম্ভাবনা থাকবে- ততদিনই তাকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

বৃহস্পতিবার রাজধানীর বানানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, সাবেক রাষ্ট্রপতি, বিরোধীদলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তার শারীরিক অবস্থা কোনো কোনো ক্ষেত্রে উন্নতি হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে অবনতি হয়েছে।

সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের পালস্ ও রক্তের চাপ স্বাভাবিক রয়েছে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে অক্সিজেন সাপোর্টে। আর ডায়ালাইসিসের মাধ্যমে পল্লীবন্ধুর রক্তের বর্জ্য বের করা হয়েছে। কিডনি, লিভারসহ অন্যান্য অর্গানগুলো স্বাভাবিকভাবে কাজ করলে পল্লীবন্ধুর লাইফ সাপোর্ট খুলে ফেলা হবে।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পল্লীবন্ধুর হজম প্রক্রিয়ায় কিছুটা উন্নতি হয়েছে, তার মলের সঙ্গে এখন আর রক্তক্ষরণ হচ্ছে না। রক্তে প্লাটিলেট দেয়া হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, পল্লীবন্ধুর উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার শতভাগ প্রস্তুতি আছে। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে বিদেশে নেয়া হয়নি।

সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে সম্মিলিত সামরিক হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা হচ্ছে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার আরও উন্নতি হলেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া হবে।

তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ মন্ত্রীর পদমর্যাদায়, তাই সরকারিভাবেই তার চিকিৎসা ব্যয় বহন করা হবে। জাতীয় পার্টির নেতা-কর্মীদের শেষ রক্ত বিন্দু থাকতে পল্লীবন্ধুর উন্নত চিকিৎসায় কোনো সমস্যা হবে না।

এর আগে জাতীয় পার্টি মহানগর উত্তরের আয়োজনে হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন ক্বারী হাবিবুল্লাহ বেলালী। মহানগর উত্তরের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা দোয়া মাহফিলে যোগ দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য- সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী, মো. আজম খান, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫