স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে চোলাই মদ তৈরীর প্রায় ৩০ বছরের পুরাতন পেশা ছেড়ে আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরল আসেন ২৫ মদ বিক্রেতা নারী-পুরুষ। সোমবার দুপুরে তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের হল রুমে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার এবং শপথ করেন। তারা সবাই গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল সাতানীপাড়া এলাকার বাসিন্দা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আনোয়ার হোসেন। এসময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনজুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো: মোমেন মিয়া, পূবাইল থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
নুষ্ঠানের শুরুতেই ওইসব মদ ব্যবসায়ীদের ফুল দিয়ে বরণ এবং পরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ বাক্য পাঠ করানো হয়। গাজীপুর মেট্রোপুলিশ কমিশনার মো: আনোয়ার হোসেন তার বক্তব্যে চোলাই মদ প্রস্তুত ও বিক্রি ছেড়ে আসা নারী-পুরুষদের স্বাভাবিক জীবনে ফিরে যাবার জন্য যোগ্যতা অনুযায়ী চাকুরীসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১নং ওয়ার্ডের কাউন্সিলর মো: মোমেন মিয়া জানান, প্রায় ৩০ বছর যাবৎ সাতানীপাড়া এলাকার বাসিন্দারা চোলাই মদ প্রস্তুত ও বিক্রি করে আসছিল। প্রায় দুইমাস আগে পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির কারখানা ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়। এরপর চোলাই মদ প্রস্তুত ও বিক্রয়কারী কয়েকজন তার সাথে যোগাযোগ করে এবং তারা এ পেশা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরার আসার আগ্রহ প্রকাশ করে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনজুর রহমান বলেন, সাতানীপাড়াসহ বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে চোলাই মদ প্রস্তুত ও বিক্রয়কারী ২৫ জন নারী-পুরুষ পুলিশ কমিশনারের নিকট আত্মসমর্পন করেন। এ সময় তারা মদ তৈরিসহ সকল প্রকার মাদক ব্যবসা থেকে বিরত থেকে স্বাভাবিক জীবন যাপন করার শপথ করেন।
তিনি আরো জানান, এর আগে গত রবিবার দুপুরে একইভাবে গাজীপুর সিটি কর্পোরেশনের বনগ্রাম এলাকায় শতাধিক নারী পুরুষ চোলাই মদ প্রস্তুত ও বিক্রি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছিলেন।
