Skip to content

ফিলিস্তিন বিষয়ে বাংলাদেশ সরকারের নীতি প্রশংসনীয়: ইরানের রাষ্ট্রদূত

বাংলাভূমি ডেস্ক ॥
ফিলিস্তিন বিষয়ে বাংলাদেশ সরকারের নীতির প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার।

তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত ভালো। তা ছাড়া ফিলিস্তিন বিষয়ে বাংলাদেশ সরকারের নীতি খুবই প্রশংসনীয়।

সোমবার সন্ধ্যায় তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে ইরানের রাষ্ট্রদূত এ কথা বলেন।

বৈঠকে সাম্প্রতিক বিশ্ব এবং ইরান নিয়ে আলোচনা করেন মোহাম্মদ রেজা।

তিনি বলেন, ইরানকে একটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধে জড়ানোর অনেক চেষ্টা হচ্ছে। কিন্তু ইরানের নেতৃত্ব ও সরকার অত্যন্ত বিচক্ষণ। তাই এসব অপচেষ্টা সফল হবে না।

যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে রেজা নাফার বলেন, বর্তমান বিশ্ব বদলে যাচ্ছে। এখন একক দেশের শক্তি নেই। এখন সব সিদ্ধান্ত পশ্চিম থেকে আসছে না। এখন পূর্ব তার নিজের সিদ্ধান্ত নিচ্ছে।

ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, এখন পরাশক্তি এককভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। উদাহরণ হিসেবে বলা যায়, যুক্তরাষ্ট্র বলেছিল- তিন মাসের মধ্যে সিরিয়ায় বাশার আসাদকে পদচ্যুত করবে। কিন্তু আজ আট বছর ধরে তিনি বহাল। এতেই প্রমাণ হয় যুক্তরাষ্ট্র এখন বিশ্বের একমাত্র শক্তি নয়।

‘জোর দিয়ে বলতে পারি আল কায়েদা, আইএসের মতো সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সিআইএ।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল করেছে। তা ছাড়া ইউনেস্কো ও জলবায়ু চুক্তির মতো চুক্তি বাতিল করেছে। যুক্তরাষ্ট্রের এমন মনোভাবই প্রমাণ করে তারা গোটা বিশ্বকে কেমন করে বিরক্ত করে চলছে।

রাষ্ট্রদূত বলেন, ইরান মধ্যপ্রাচ্যে যুদ্ধ চায় না। এ কারণেই যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন বা সৌদি আরবের চেয়েও ইরানের প্রতিরক্ষা বাজেট অনেক কম। ছয় হাজার মাইল দূরের যুক্তরাষ্ট্র নয়, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা দিতে পারে এ অঞ্চলের দেশগুলোই।

রেজা নাফা আশা করেন, বাংলাদেশের সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কথাও উল্লেখ করেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫