স্টাফ রিপোর্টার ॥
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের উদ্যোগে গাজীপুর সিটি কর্পোরেশনের মারিয়ালী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কিলোমিটার এলাকায় অবৈধভাবে স্থাপিত গ্যাস পাইপ লাইন তুলে ফেলা হয়েছে। এতে ওই এলাকার দুই শতাধিক বাসা বাড়ীর গ্যাস লাইন বিচ্ছিন্ন হয়েছে । এসময় ওই এলাকা থেকে ৩ ইঞ্চি ও ১ ইঞ্চি ব্যাসার্ধের পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয় ।
গাজীপুর তিতাস অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্নের অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের মারিয়ালী এলাকায় কয়েকটি পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত এলাকায় অবৈধভাবে স্থাপিত ৩ ইঞ্চি ও ১ ইঞ্চি ব্যাসের এক হাজার মিটার পাইপ লাইনের সংযোগস্থল সহ পাইপ অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রায় ২০০টি বাড়ীর অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় অভিযানের খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়।
তিতাস অফিস সূত্রে জানা যায়, তিতাস গ্যাস অফিসের কোন অনুমোদন ছাড়াই কতিপয় অসাধু ঠিকাদারের মাধ্যমে রাতের অন্ধকারে এসব বাসা বাড়ীতে সংযোগ প্রদান করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও পাইপ জব্দ করে। তিতাস অফিস আরো জানায়, বিগত দেড় বছর আগে একই এলাকায় অভিযান চালিয়ে গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছিল। কিন্ত পরবর্তীতে আবারো তারা এসব লাইন সংযোগ দেয়।
তিতাস অফিস সূত্র জানায়, যারা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছেন এবং যারা গ্রামের সাধারণ মানুষকে গ্যাসের প্রলোভন দেখিয়ে অনাকাংক্ষিত ভয়াবহ গ্যাস দুর্ঘটনার দিকে ঠেলে দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং গাজীপুর জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস, তিতাস অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব, উপব্যবস্থাপক প্রকৌশলী মোঃ শবিউল আওয়াল ও প্রকৌশলী আবু সুফিয়ান, সহকারী প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ ও মির্জা মোঃ মামুনুর রহমান, উপসহকারী প্রকৌশলী মোঃ রেজাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
