Skip to content

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৬০ হাজার ছুঁই ছুঁই

বাংলাভূমি ডেস্ক ॥
চলতি বছর এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬০ হাজার ছুঁই ছুঁই। সরকারি হিসেবে অর্থাৎ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্যানুসারে ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট (বৃহস্পতিবার) পর্যন্ত সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৯ হাজার ৫৫২ জন।

ডেঙ্গু রোগীদের মধ্যে চলতি মাসের ২২ দিনে (২২ আগস্ট পর্যন্ত) রেকর্ড সংখ্যক ৪১ হাজার ১৪১ জন ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ৪৭ জন। এদিকে সরকারি হিসেবের সাথে বেসরকারি হিসেবে গরমিল রয়েছে। বেসরকারি হিসেবে ডেঙ্গুতে আক্রান্ত, হাসপাতালে ভর্তি ও আক্রান্তদের মধ্যে মৃত্যুর সংখ্যা অনেক বেশি।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, সরকারি হিসেবে শুধুমাত্র রাজধানীর ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতাল এবং বিভাগীয় সরকারি হাসপাতালে ভর্তি হওয়া রোগী তথ্য উপাত্ত দেখানো হয়েছে। কিন্তু এর বাইরেও অসংখ্য হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যা হিসেবের মধ্যে আসেনি। ডেঙ্গু আক্রান্তের মত মৃত্যুর হিসেবেও গরমিল রয়েছে।

তারা আরও বলেন, সরকারি হিসেবে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ডেট রিভিউ কমিটির পর্যালোচনায় ঘোষিত মৃত্যুর সংখ্যা দেখানো হয়। বাস্তবতার সাথে যার গরমিল রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুসারে গত কয়েকদিন যাবত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমতির দিকে। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ২১ আগস্ট সকাল ৮টা থেকে আজ ২২ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৫৯৭ জন। তাদের মধ্যে রাজধানীর ৪১টি হাসপাতালে ৭৬১ জন ও বিভাগীয় শহরে ৮৩৬ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর প্রায় ৬০ হাজার রোগী হাসপাতালে ভর্তি হলেও ইতোমধ্যেই চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৫৩ হাজার ৩৯৮ জন। বর্তমানে সারাদেশের হাসপাতালে ৬ হাজার ১৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে রাজধানীতে ৩ হাজার ৩৩২ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৮১৫ জন ভর্তি রয়েছেন। সূত্র: জাগোনিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫