স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলের মেঘডুবি এলাকায় কভার্ডভ্যান-ইজিবাইক মুখোমুখি সংর্ঘষে পিতাপুত্র নিহত হয়েছে। এ ঘটনায় ইজিবাইক চালক আহত হয়েছে। নিহতরা হলেন- চাঁদপুরের মতলব দক্ষিণ থানার পয়ালী এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (৪৭) এবং তার ছেলে আজিজ (১৭)। সোমবার দুপুরে ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল জানান, মেট্রো সদর থানার সাহাপাড়া এলাকায় পরিবার নিয়ে বাসা ভাড়া থাকতো মফিজুল ইসলাম। ছেলেকে নিয়ে গ্রামেরবাড়ি চাঁদপুর যাওয়ার জন্যে জয়দেবপুর থেকে ইজিবাইকযোগে পূবাইল যাচ্ছিল। তাদের বহনকারী ইজিবাইকটি ঢাকা বাইপাস সড়কের মেঘডুবি এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি কভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মফিজুল ইসলাম নিহত হয়। আহত অবস্থায় ছেলে আজিজ ও ইজিবাইক চালকে উদ্ধার করে স্থানীয়রা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে চিকিৎসক আজিককে ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকায় নেওয়ার পথে আজিজ মারা যায়। মৃতদেহ দুটি থানায় নেওয়া হয়েছে।
