কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামে সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৩১০ লিটার চোলাই মদ, মদ তৈরীর মেশিন ও সরঞ্জামসহ ৩ নারী মাদক ব্যবসায়ীকে আটক করার সংবাদ পাওয়া গেছে।
জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামান খানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন, উপ-পরিদর্শক (এস আই) নাদিমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামের মৃত শ্যামল রিবেরিও’র স্ত্রী রুবি রিবেরিও, রবি রিবেরিও’র স্ত্রী প্রীতি রিবেরিও, নির্মল রিবেরিও’র স্ত্রী সোমা রিবেরিওকে আটক করে গাজীপুর ডিবি অফিসে নিয়ে যায়।
এলাকাবাসী জানায়, তারা দীর্ঘদিন যাবৎ চোলাই মদ তৈরী করে আসছে। তাদের জন্যে এলাকার যুব-সমাজ ধ্বংসের পথে। চোলাই মদ খেয়ে যুবকরা রাস্তা-ঘাটে মাতলামি করে এলাকার পরিবেশ বিনষ্ট করছে বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার এ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপার শামসুন্নাহার (পিপিএম) নির্দেশে কালীগঞ্জে অভিযান চালিয়ে ওই ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
