Skip to content

গাজীপুরে ব্যস্ততম শিববাড়ি-তিতারকূল সড়কটি বেহাল দশা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম শিববাড়ি-রাজবাড়ি-তিতারকূল সড়কটির অধিকাংশ স্থান ভেঙ্গেচুরে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হওয়ায় এটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন সড়কটি দীর্ঘদিনেরও প্রয়োজনীয় সংস্কার না করায় জনগুরুত্বপূর্ণ এটির অবস্থা বর্তমানে শোচনীয় দশায় উপনীত হয়েছে। ফলে এ সড়কে বিভিন্ন যানবাহনে যাতায়াতকারী হাজার হাজার যাত্রী ছাড়াও স্থানীয় বাসিন্দাদের প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, জেলা শহরে প্রবেশে একমাত্র শিববাড়ি মোড় থেকে বাজবাড়ি হয়ে তিতারকূল ব্রিজ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটির দীর্ঘ সড়কটি দিয়ে শহরের পূর্বাঞ্চলের কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা ও গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে। এছাড়া হাড়িনাল-হানকাটা সড়কটির কিছু অংশে আরসিসি ঢালাইয়ের উন্নয়ন কাজের কারণে বন্ধ করে দেয়ায় রাজবাড়ি-তিতারকূল সড়কটিতে বিভিন্ন যানবাহনের অত্যধিক চাপ পড়েছে। এ কারণে সড়কটির বিভিন্ন অংশ ভেঙ্গেচূরে ছোটবড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কটির কোথাও কোথাও গভীর গর্ত হয়ে কাদা পানিতে সয়লাব হয়ে গেছে। এছাড়া সামান্য বৃষ্টি হলেই গাজীপুর প্রধান ডাকঘরের সামনের সড়কে হাটু পরিমাণ পানি জমে যায়। এতে স্বাভাবিক চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়।

বিশেষ করে মহিলা কলেজের কাছে, জোড়পুকুর, বরুদার ঢাল, লাগালিয়া মোড়, নোয়াগাঁও আফার খোলা সামনের অংশ, রাজবাগানের মোড়, তিতারকূল বাজারসহ বিভিন্ন স্থানে সড়কের অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে। এসব স্থানের ভাঙ্গাচুরা গর্তে বিভিন্ন যানবাহন চলাচল করতে উল্টে গিয়ে অহরহ দুর্ঘটনার শিকার হচ্ছে। এ সড়ক দিয়ে যাতায়াতকারী ভুক্তভোগী এলাকার বাসিন্দাগণ ভাঙ্গাচুরা এ সড়কটি দ্রুত সংস্কারের জন্য গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজল জানান, গাজীপুর শহরের প্রবেশদ্বার শিববাড়ি মোড় থেকে রাজবাড়ি হয়ে তিতারকূল ব্রিজ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তাটির সংস্কার কাজের জন্য ১২ কোটি টাকার টেন্ডার আহ্বান করা হয়েছে। রাস্তাটির কিছু অংশ আরসিসি এবং বাকি অংশ কর্পেটিং করা হবে। এজন্য কার্যাদেশ প্রদান প্রক্রিয়াধীন রয়েছে। শিগ্রই সংস্কার কাজ শুরু করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫