আর্ন্তজাতিক ডেস্ক ॥
ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
এক বিবৃতিতে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে ইরানি আগ্রাসন ফের বেড়ে গেছে। কাজেই দেশটির ওপর চাপ প্রয়োগ ও নিষেধাজ্ঞার এটাই যথার্থ সময়। প্রেসিডেন্ট ট্রাম্প সঠিকভাবেই সেটা করছেন বলে আমি যারপরনাই খুশি।-খবর এএফপি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা চলছে। এছাড়া তেল থেকে শুরু করে গালিচাসহ ইরানি বিভিন্ন পণ্যের বাণিজ্য বন্ধ করে দিতে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সৌদি তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের ওপর দোষ চাপিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। বুধবার তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।
গত জুনে আরোপ করা নিষেধাজ্ঞায় আগেরগুলোর সঙ্গে যুক্ত হয়ে বিশাল এক তালিকা তৈরি হয়েছে। খামেনি ছাড়াও দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর আট জ্যেষ্ঠ কমান্ডারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
গত বছর ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের সই করা পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এরপর তেহরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
চুক্তি থেকে সরে আসার মাস ছয়েক পর ইরানের তেল রফতানি ও অর্থনৈতিক লেনদেনের টুঁটি চেপে ধরতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
ইরানের ব্যাংকিং, জাহাজ, জ্বালানি খাতকে নিষেধাজ্ঞার নিশানা করা হয়। মার্কিন মিত্র ইউরোপসহ যারাই এসব কোম্পানির সঙ্গে ব্যবসা করবে তাদের শাস্তির হুমকি দেয়া হয়েছে।
