স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের ‘উদ্ভাবিত আলু ও ভিটামিন সমৃদ্ধ মিষ্টি আলুর নতুন জাত সমূহের প্রজনন বীজ উৎপাদনে প্রদর্শনীর মাধ্যমে সমস্যা চিহ্নিতকরণ ও গবেষণা ভিত্তিক কর্মসূচী’র আওতায় “আলু ও ভিটামিন সমৃদ্ধ মিষ্টি আলুর উন্নত জাতসমূহের মাঠ পর্যায়ে সম্প্রসারণ” শীর্ষক কর্মশালা আজ বৃহস্পতিবার ইনস্টিটিউটের এফএমপিই সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও কৃষক প্রতিনিধিসহ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সকালে ইনস্টিটিউট-এর মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। বারি’র পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. এ কে এম শামছুল হক-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাব, পরিচালক (সেবা ও সরবরাহ উইং) ড. বাবু লাল নাগ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো. মিয়ারুদ্দীন, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) জনাব মো. হাবিবুর রহমান শেখ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. আবেদা খাতুন এবং পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) মোছা. দিলআফরোজা খানম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্মসূচী পরিচালক ও কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হরিদাস চন্দ্র মোহন্ত।
কর্মশালায় প্রধান অতিতির বক্তব্যে মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ বলেন বারি উদ্ভাবিত আলু ও ভিটামিন সমৃদ্ধ মিষ্টি আলুর জাত ও উৎপাদন প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণ দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশে বর্তমানে প্রয়োজনের তুলনায় ৩০-৩৫ লক্ষ টন অতিরিক্ত আলু উৎপাদিত হচ্ছে। সরকার কৃষকের ন্যায্য মূল্য প্রপ্তি নিশ্চিত করার লক্ষ্যে দেশে আলুর বহুমুখী ব্যবহার এবং বিদেশে রপ্তানির চেষ্টা অব্যাহত রেখেছে। তিনি বলেন ভিটামিন সমৃদ্ধ মিষ্টি আলুর চাষ বৃদ্ধি পেলে শিশুদের রাতকানা রোগ প্রতিরোধসহ জনগনের সুস্বাস্থ্য অর্জনে ভূমিকা রাখবে। পাশাপাশি দেশে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে আলুর পাশাপাশি কমলা/রঙ্গিন শাঁসযুক্ত মিষ্টি আলু দিয়ে বিভিন্ন প্রকার খাদ্য তৈরি করে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এছাড়া প্রক্রিয়াজাতকণের মাধ্যমে কমলা শাঁসযুক্ত মিষ্টি আলুর আটা তৈরী করে সারা বছর ভিটামিন-এ এর প্রাপ্যতা নিশ্চিত করা যায়। তিনি কৃষকদের পছন্দ অনুযায়ী নির্বাচিত আলু ও মিষ্টি আলুর জাতগুলোর বীজ উৎপাদন ও সরবরাহের কার্যকরী উদ্যোগ গ্রহণে জন্য নির্দেশনা প্রদান করেন।
