Skip to content

জনগণের স্বার্থ হানি হয়, এমন কিছু করবেন না

বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছেন। এর আগে ভারত থেকে এসে তিনি বলেছেন, আমি ভারতকে এত দিয়েছি যে, তারা আমাদের ঋণ শোধ করতে পারবে না। আজকে আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, বাংলাদেশের স্বার্থবিরোধী এমন কোনো কথা, এমন কোনো কাজ আপনি করে আসবেন না, যাতে জাতীয় স্বার্থ ব্যহত হয়।

আজ (বুধবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ মানববন্ধনের আয়োজন করে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এ নেতা আরও বলেন, এমন কিছু করবেন না, যাতে এই এশিয়া উপমহাদেশে আবার একটা অশান্তির আগুন জ্বলে ওঠে। আমরা এখন থেকে প্রধানমন্ত্রীকে সতর্ক করতে চাই। আপনি যাচ্ছেন ভালো কথা, বাংলাদেশের স্বার্থ হানি হয়, বাংলাদেশের জনগণের স্বার্থ হানি হয়, বাংলাদেশের জনগণের কোনো ধরনের ক্ষতি হয়, এই ধরনের কোনো প্রস্তাবে আপনি রাজি হবেন না।

তিনি বলেন, ‘এই দেশের মানুষ কিন্তু সব কিছু দেখছে। এতদিন যা করেছেন, লুকিয়ে রাখতে পারছেন না। এখন আপনার সদিচ্ছা হয়েছে, তাই সব কিছু প্রকাশ ঘটছে। আর যেগুলো প্রকাশ হচ্ছে না, সেগুলোও প্রকাশ হবে। জনগণ তার বিচার করবে।’

ড. মোশাররফ বলেন, ‘আজকে গণতন্ত্রের অভাবে এই সকল অনাচার, অবিচার, অত্যাচার, নির্যাতন, প্রতিষ্ঠান দলীয়করণ হচ্ছে। যদি জনগণের সরকার থাকত, তাহলে এটা সম্ভব হতো না। তাই গণতন্ত্রকে পুনরুদ্ধার করা আমাদের সর্বাগ্রে দায়িত্ব। কিন্তু গণতন্ত্রের মাতা মাদার অব ডেমোক্রেসি খালেদা জিয়াকে কারাগারে রেখে গণতন্ত্র মুক্ত করা যাবে না।’

তিনি বলেন, ‘সর্বাগ্রে এই দেশের সকল জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিকে একত্রিত করে গণঐক্য সৃষ্টি করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, গণতন্ত্রকে পুনপ্রতিষ্ঠিত করতে হবে। এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ফখরুল আলমের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫