স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কালিয়াকৈর উপজেলায় এক তরুণের মৃত্যুর পর তার দাদা মারা গেছেন।
উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু জানান, শুক্রবার সকালে জহিরুল ইসলাম (১৮) নামে এই তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এর পরই তার দাদা মারা যান।
জহিরুল ওই ইউনিয়নের মেদী আশুলাই পালোয়ানবাড়ি এলাকার লাবিব উদ্দিনের পুত্র। জহিরুলের দাদা নাম হেলাল উদ্দিন (৮৫)।
পরিবারের সদস্যরা জানান, জহিরুল মুন্সিগঞ্জে একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে লেখাপড়া করতেন। কয়েক দিন আগে কলেজ বন্ধ থাকায় আসেন তিনি। বৃহস্পতিবার রাতে সবার সঙ্গে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন।
ভোরে জহিরুলের বাবা ফজরের নামাজ শেষে বাড়ির পাশের লিচুগাছে পুত্রের লাশ ঝুলতে দেখে চিৎকার করে ওঠেন। এর কিছুক্ষণ পর তার দাদা হেলাল মারা যান।
চেয়ারম্যান সাইফুজ্জামান বলেন, “জহিরুলের সঙ্গে তার কলেজের একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। শুনেছি সেই মেয়েটি নাকি আত্মহত্যা করেছে। সেই দুঃখে জহিরুলও আত্মহত্যা করে থাকতে পারে।”
স্বজনদের আবেদনে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি মো. আলমগীর হোসেন মজুমদার।
