স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: দুর্নীতি প্রতিরোধ, দালালদের দৌরাত্ম্য ও গ্রাহক হয়রানী বন্ধ করা, বৈদ্যুতিক দুর্ঘটনা বহুলাংশে হ্রাস করার প্রয়াসে গাজীপুর মহানগরীর সালনাতে সোমবার সকালে গাজীপুর পল্লীবিদ্যুত সমিতি-১ এর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর পল্লীবিদ্যুত সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর পল্লী বিদ্যুত সমিতি-১ এর এসিসটেন্ট জেনারেল ম্যানেজার (এসএস) মোঃ রিয়াদ কাইয়ূম, এজিএম (আইটি) সুজন বড়–য়া, পিইউসি শিশির কুমার রায় প্রমুখ।
পল্লীবিদ্যুত সমিতির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) মইন উদ্দিন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন। তিনি বলেন, সাধারণত আমরা উঠান বৈঠক উঠানে গিয়েই করে থাকি কারণ যাদেরকে বিদ্যুত দেওয়া হয়, তাদের সাথে কথা বলা । এটাও একটা বড় ফোরাম হতে পারে কারণ যারা মানুষ গড়ার কারিগর এবং মানুষ গড়ার কারিগড় হবেন তারা এখানে আছেন। কাজেই আমাদের কথাগুলো এখানকার ছাত্রছাত্রীদের মাধ্যমে তাদের পরিবারগুলোতে বিস্তৃতভাবে পৌছে দিতে পারে।
অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর পল্লীবিদ্যুত সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল বলেন, আমরা গাজীপুরে শতভাগ বিদ্যুত সংযোগের ব্যবস্থা করেছি। আমরা চাই নিরবচ্ছিন্ন বিদ্যুত দিতে। আমরা চাই দুর্নীতিমুক্ত ও দালালমুক্ত বিদ্যুত দিতে। আসলে আমরা শত চেষ্টা করেও দুর্নীতিমুক্ত ও দালালমুক্ত পরিবেশে বিদ্যুত দিতে পারছি না। আমাদের মধ্যে কিছু লোক রয়েছে যারা অফিসে না গিয়ে দালালদের মাধ্যমে বিদ্যুত নেয়। আমরা চাই প্রত্যেক গ্রাহক সরাসরি অফিসে যাক এবং নিজের কাজটা নিজেই করুক। আমাদের মধ্যে কিছু অসৎ লোক থাকতে পারে, যদি গ্রাহকশ্রেণী সচেতন হয়, তবে তারা এ সুযোগ পাবে না। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
