Skip to content

পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য বীমার উদ্যোগ নিচ্ছে ডিএনসিসি

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, স্থায়ী-অস্থায়ী পরিচ্ছন্নতা কর্মীদের জন্য কিভাবে স্বাস্থ্য বীমা চালু করা যায় সে বিষয়টি দেখার জন্য ইতোমধ্যে নির্দেশ দিয়েছি। দ্রুততম সময়ের মধ্যেই এ প্রদক্ষেপ নেবে ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ।

বুধবার (৩০ অক্টোবর) ডিএনসিসির ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে (মিরপুর মাজার রোডের বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন) ডিএনসিসিতে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজের অনকোলজি বিভাগের যৌথ উদ্যোগে ফ্রি ক্যান্সার স্ক্রিনিং ও সচেতনতামূলক এ সেমিনারের আয়োজন করা হয়।

পরিচ্ছন্নতা কর্মীদের উদ্দেশ্যে মেয়র বলেন, আপনারা যদি সুস্থ থাকেন তবেই শহরটাকে পরিচ্ছন্ন রাখতে পারবেন। আমাদের সবার উচিত নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করা। আজকে আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করি তাহলে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। যে দুর্নীতি করবে তার পরিণাম তাকেই ভোগ করতে হবে।

তিনি বলেন, আসুন আমাদের যার যার দায়িত্ব তা সুন্দরভাবে সবাইকে নিয়ে পালন করি। পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সেবার কথা ভেবে আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ যেভাবে এগিয়ে এসেছে, আমরা আশা করব সমাজের অন্যান্য বিত্তবানরাও এভাবে এগিয়ে আসবেন।

মেয়র বলেন, আপনাদের (পরিচ্ছন্নতাকর্মী) ভালোভাবে কাজ করতে হবে। আপনারা যদি ভালো কাজ করতে না পারেন তাহলে বাহির থেকে আউট সোর্সিং বা চুক্তিভিত্তিক লোক আনা হবে। তবে আমরা সেটা করতে চাই না। পরীক্ষামূলকভাবে আমরা কিছু কিছু ওয়ার্ডে আউট সোর্সিংয়ের মাধ্যমে কাজ করছি। যারা ঠিকমত কাজ করছেন না তাদের বলতে চাই, কোনো ধরনের ফাঁকিবাজি চলবে না।

ডিএনসিসিতে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে বর্জ্য সংগ্রহের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে থাকে পরিচ্ছন্নতাকর্মীরা। এ বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাকে বলা হয় ক্যান্সার নির্ণয়ের পরীক্ষা বা ক্যান্সার স্ক্রিনিং। এটি খুব জরুরি। আগে থেকেই স্ক্রিনিং করা হলে এবং প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে চিকিৎসা অনেকটা সহজ হয়।

সকাল থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতাকর্মীরা মিরপুরের ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে উপস্থিত হন। কমিউনিটি সেন্টারের নিচ তলায় নিবন্ধন শেষে ২য় তলায় বিশেষজ্ঞ চিকিৎসরা পরিচ্ছন্নকর্মীদের ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করেন। পাশাপশি বিভিন্ন ওষুধ সেবনে পরামর্শ দেন।এছাড়া ক্যান্সার সচেতনা বৃদ্ধিতে সেমিনারের আয়োজন করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহম্মাদ মঞ্জুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোমিনুর রহমান মামুন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালেহা বিনতে সিরাজ, ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটি আহ্বায়ক ও ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন, আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এখলাসুর রহমান, অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. এহতাশামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫