Skip to content

এক ব্যাগ রক্তের বিনিময়ে একটি ইলিশ!

আন্তর্জাতিক ডেস্ক ॥
স্লোগান ছিল, ‘প্রলোভন নয়, স্বেচ্ছায় হোক রক্তদান’। কিন্তু, এক ব্যাগ রক্তের বিনিময়ে রক্তদাতাদের দেয়া হলো এক কেজি ওজনের ইলিশ মাছ ও ইনডাকশন ওভেন।

শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার কলেজ স্ট্রিটের কাছে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে হাল্কা ভিড় থাকলেও কিছুক্ষণের মধ্যই প্রচার হয়ে যায়, রক্ত দিলেই পাওয়া যাচ্ছে এক কেজির ইলিশসহ অন্যান্য উপহার। এরপর রক্তদাতাদের ভিড় বাড়তেই থাকে।

বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হন স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা। মাঝ পথেই বন্ধ করে দেয়া হয় রক্তদান কর্মসূচি। যদিও ততক্ষণে ৪৯ জন রক্তের বিনিময়ে ইলিশ এবং ইনডাকশন ওভেন নিয়ে বাড়ি ফিরে গেছেন।

অবশ্য রক্তের বিনিময়ে উপহার দেয়ার বিষয়টিকে গর্বের কাজ বলেই মনে করছেন আয়োজক সংগঠন ‘মির্জাপুর বান্ধব সম্মিলনী’র সম্পাদক ও স্থানীয় তৃণমূল নেতা সন্দীপ নন্দী।

তিনি বলেন, ‘অনেক গরিব মানুষই ইলিশ মাছ খেতে পারেন না। তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছিল। ৪৯ জন রক্ত দিতে পেরেছেন। এরপরই স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা এসে রক্তদান শিবির বন্ধ করে দেন। মোট ৬০ জনের রক্তদানের ব্যবস্থা করা হয়েছিল।’

সন্দীপ নন্দী জানান, তার সংগঠন গত চার বছর ধরে রক্তদান শিবির করে আসছে। আগে যতবার এমন শিবিরের আয়োজন করা হয়েছে প্রত্যেকবারই রক্তদাতাদের উপহার দেয়া হয়েছে। প্রথম বছর ফ্যান, তার পরের বছর রেইনকোট ও মোবাইল, গত বছর মিক্সচার মেশিন আর এবার এক কেজি ইলিশ ও ইনডাকশন ওভেন দেয়া হলো। আগামী বছর এর থেকেও ভালো কিছু দেয়া হবে বলে জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫