স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: পাঁচ উপজেলায় চলতি মৌসুমের আমন ধান কাটা শুরু হয়েছে। চলছে মাড়াইও। ক্ষেতের ধান এখন কৃষকের উঠানে। নতুন ধান পেয়ে কৃষক-কৃষাণীর মুখে ফুটে উঠেছে নির্মল হাসি। এবার জেলায় ৫০ হাজার ২৪০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয় ২ লাখ ৩৫ হাজার মেট্রিক টন চাল। এ তথ্য জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মাহবুব আলম জানান, এবার আমনের ভালো ফলন হয়েছে। যা আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়াবে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মাহবুব আলম বাংলাভূমিকে আরো জানান, চলতি মৌসুমে আমন আবাদে কৃষকদের আগ্রহ বেড়েছে। প্রাকৃতিক দুর্যোগে কিছুটা ক্ষতিও হয়েছে।
সদর উপজেলার নয়াপাড়া গ্রামের কৃষক আকর আলী জানালেন আমনের ফলন পেয়ে আমরা খুশী। তবে বাজারে ধানের নায্য দাম নেই।
ওই গ্রামের অপর কৃষক শরীফুল আলম স্বপন বললেন, মন প্রতি ধান স্থানীয় বাজারে ৫০০ থেকে ৫৫০ টাকায় বিকোচ্ছে ।
মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা সোনিয়া সুলতানা এ প্রতিনিধিকে বলেন, ধান কাটা ও মাড়াইয়ে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। কৃষকদের পরামর্শদানে কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করেছেন বলে তিনি জানান।
সরেজমিন দেখা যায়, কতক জমির ধান কাটা চলছে, শেষ হয়নি। কৃষকরা ধান মাড়াইও করছেন। এতে সময় দিচ্ছেন কৃষাণিরাও। উঠোনে ধান, তাদের মুখে হাসি।
সূত্র মতে, জেলায় পাঁচ উপজেলার মধ্যে সদরে ৯ হাজার ৪৫০ হেক্টর, কাপাসিয়া উপজেলায় ১২ হাজার ৯১০ হেক্টর, শ্রীপুর উপজেলায় ১০ হাজার ১৫০ হেক্টর, কালিয়াকৈর উপজেলায় ৯ হাজার ৯০০ হেক্টর, ও কালিগঞ্জ উপজেলায় ৭ হাজার ৮৩০ একর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়।
গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর বাজারে গিয়ে দেখা যায়, বাজারে উঠেছে নতুন ধান। প্রতিমন ধান বিকোচ্ছে ৫০০ টাকা থেকে ৫৫০ টাকায়। এ দাম আরো বাড়তে পারে বলে কৃষক সবুর আলী জানান।
